২২ দিনেও গ্রেপ্তার হননি অভিযুক্ত দুই শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় নকল করার অভিযোগে বহিষ্কার ও তিরস্কার করায় নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার ২২ দিন পার হলেও নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ের অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তার করেনি পুলিশ।
ছাত্রীর বাবা মো. হাবিবুল্লাহ অভিযোগ করেন, পুলিশ আসামিদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের গ্রেপ্তার করছে না। পুলিশের কালক্ষেপণের সুযোগ নিয়ে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনের পাঁয়তারা করছে। তিনি আরও বলেন, ‘ক্লাসে আমার মেয়ের রোল নম্বর ছিল ২। তার তো নকল করার কথা নয়। শিক্ষক কামরুল হাসানের কাছে প্রাইভেট না পড়ায় নকলের অভিযোগ আনা হয়েছিল।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল মালেক বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আসামিদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
১০ ডিসেম্বর নকল করার অভিযোগে বহিষ্কার ও তিরস্কার করায় গণবিদ্যা নিকেতন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা আত্মহত্যা করে।
এই ঘটনায় প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ঘটনাটি তদন্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ইলিয়াস হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।