২২ দিনেও স্কুলছাত্র ওয়ালিদের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালিদ
ওয়ালিদ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিপি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ওয়ালীদউর রহমান (১৩) সান্তাহার শহর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ২২ দিন পার হলেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ওয়ালিদ সান্তাহার পৌর শহরের পোস্ট অফিস পাড়ার কাজী শফিকুর রহমানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই সকাল নয়টায় বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয় ওয়ালিদ। এরপর সে আর বাড়ি ফেরেনি। এ ব্যাপারে ওই দিন রাতে ওয়ালিদের চাচা মাহাবুবুর রহমান আদমদীঘি থানায় একটি জিডি করেন।
এদিকে, ওয়ালিদের সন্ধান চেয়ে সান্তাহার পৌর শহরসহ আশপাশে বিভিন্ন এলাকায় মাইকিং এবং ওয়ালিদের ছবিসহ পোস্টার লাগানো হয়েছে। ওয়ালিদের বাবা শফিকুর রহমান বলেন, ‘এ কয়েক দিন বিভিন্ন জায়গায় ওয়ালিদের সন্ধান করেছি, কিন্তু খুঁজে পাইনি। তিনি বলেন, কয়েক দিন আগে একটি প্রতারক চক্র পুলিশের পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়েছে। ওয়ালিদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে।