২২ বছর ধরে বন্ধ, চুরি হচ্ছে দরজা-জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার উকিলপাড়া এলাকায় শিশুদের শরীরচর্চাকেন্দ্রের ভবনটির দরজা–জানালা চুরি হয়ে গেছে। উপকরণ না থাকায় এর কার্যক্রম বন্ধ l ছবি: প্রথম আলো
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার উকিলপাড়া এলাকায় শিশুদের শরীরচর্চাকেন্দ্রের ভবনটির দরজা–জানালা চুরি হয়ে গেছে। উপকরণ না থাকায় এর কার্যক্রম বন্ধ l ছবি: প্রথম আলো

পর্যাপ্ত উপকরণ না থাকায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের শিশুদের শরীরচর্চাকেন্দ্রটির কার্যক্রম ২২ বছর ধরে বন্ধ রয়েছে। এটির দরজা-জানালা খুলে চোর চুরি করে নিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের নজরদারি না থাকায় কেন্দ্রটি এভাবে অযত্ন-অবহেলায় পড়ে আছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার বলেন, ‘ভবনটি কী অবস্থায় রয়েছে, আছে, তা আমার জানা নেই। এ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

উপজেলা প্রশাসন, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুদের শরীরচর্চার জন্য উপজেলা সদরের উকিলপাড়া এলাকায় উপজেলা পরিষদের উদ্যোগে সরকারি অর্থায়নে ১৯৮৯ সালের শেষের দিকে এই ভবনটি নির্মাণ করা হয়। ১৯৯০ সালের ১৭ জানুয়ারি তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম ইউ আহমদ রেজা এই ভবনটি উদ্বোধন করেন। শিশুদের শরীরচর্চার জন্য এখানে চার প্রকারের উপকরণ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহে দুই দিন (শনি ও রোববার) এটি শিশুদের জন্য খোলা হতো। উপকরণগুলোর মধ্যে ছিল লাফানোর রশি, প্লাস্টিকের বল ও দুটি দোলনা। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এটির কার্যক্রম ১৯৯৫ সালের মাঝামাঝি পর্যন্ত চলে। লোকবলের অভাবে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে বেহাল পড়ে থাকায় ভবনটির দুটি দরজা এবং গ্রিলসহ দুটি জানালা ভেঙে রাতে চোরেরা চুরি করে নিয়ে গেছে। এর ভেতরে থাকা উপকরণগুলোও চুরি হয়ে গেছে।

গত রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ভবনটির ভেতরে শিশুদের শরীরচর্চার কোনো উপকরণ নেই। ভবনটির দুটি দরজা ও দুটি জানালা নেই। ভবনের ভেতরে স্থানীয় লোকজন খড় ও পাটকাঠি রেখেছেন। ভবনটির নয়টি জানালার মধ্যে দুটির গ্রিলসহ পাল্লা নেই।

ধরমপাশা সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকার গৃহিণী শারমীন সুলতানা বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সুস্থ-সবলভাবে শিশুদের বেড়ে ওঠার জন্য শিশুদের শরীরচর্চা কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও সুনজর না থাকায় এটি কোনো কাজে আসছে না। দ্রুত কেন্দ্রটির ভবন সংস্কার ও পর্যাপ্ত উপকরণ দিয়ে এটি চালু করলে শিশুরা শরীরচর্চার সুযোগ পাবে।

ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ বলেন, এক যুগের বেশি সময় ধরে এই ভবনটি বেহাল পড়ে রয়েছে। এ উপজেলায় শিশুদের শরীরচর্চার জন্য কোনো সুব্যবস্থা নেই। সরকারি অর্থায়নে এই ভবনটি প্রয়োজনীয় সংস্কার ও উপকরণ প্রদান করে এটি চালু করার উদ্যোগ নেওয়া একান্ত প্রয়োজন। আগামী উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি উত্থাপন করব।