২২ মাস পলাতক থাকার পর সাংসদ আমানুর কারাগারে

টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান ওরফে রানা ও তাঁর ভাইদের বিরুদ্ধে গত ২৫ বছরে একাধিক হত্যাসহ অন্তত ৫০টি মামলা হয়েছে। সাম্প্রতিক সময়ে কোনো মামলাতেই তাঁদের বিচারের সম্মুখীন হতে হয়নি। কখনো রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার হয়েছে। কখনো মামলার বাদীকে ভয়ভীতি দেখিয়ে বা টাকাপয়সা দিয়ে মামলা থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। তবে এবার ২২ মাস পলাতক থাকার পর গতকাল তাঁকে খুনের মামলায় কারাগারে যেতে হয়েছে।
অতীতে কোনো মামলায় হাজিরা দিতে গেলে গাড়ি ও মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে আদালতে যেতেন টাঙ্গাইলের প্রভাবশালী এই খান পরিবারের সন্তানেরা। কিন্তু গতকাল রোববার সাংসদ আমানুরের জেলা আদালতে হাজিরা দেওয়াটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। গোপনে খুব সকালে সবার চোখ ফাঁকি দিয়ে আদালতে আত্মসমর্পণ করেন সরকারদলীয় এই সাংসদ। মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি তিনি। জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া জামিন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশের পরপরই পুলিশ প্রিজন ভ্যানে তুলে আমানুরকে জেলা কারাগারে নিয়ে যায়।
আলোচিত এ মামলায় সাংসদের অপর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ওরফে কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান ওরফে বাপ্পাসহ নয় আসামি এখনো পলাতক।
টাঙ্গাইল জেলা কারাগারের কারাধ্যক্ষ রিতেশ চাকমা প্রথম আলোকে বলেন, শারীরিক দুর্বলতা ও পাইলসের সমস্যার কারণে সাংসদকে কারাগারের মেডিকেল সেন্টারে রাখা হয়েছে।
গোয়েন্দা পুলিশের তদন্তে ফারুক আহমেদ হত্যা মামলায় আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসার পর ২০১৪ সালের নভেম্বরে তাঁরা আত্মগোপনে যান। যদিও মাঝে দুবার জাতীয় সংসদে গিয়ে আমানুর হাজিরা খাতায় সই করেন।
পলাতক অবস্থাতেই গত ৩ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত আমানুরসহ পলাতক ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আমানুরের বাড়ির মালপত্র আদালতের নির্দেশে ক্রোক করা হয়। তাঁকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়। তারপরও হাজির না হওয়ায় মামলাটি বিচারিক আদালতে স্থানান্তর করা হয়। ২৯ সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হওয়ার কথা।
আবদুল বাকী, শফিকুল ইসলামসহ ডজন খানেক আইনজীবী আমানুরের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন। তাঁরা জামিনের আবেদন জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলায় সাসংদ আমানুরকে জড়ানো হয়েছে।
অপর দিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান বলেন, আইনের চোখে সবাই সমান। কে সাংসদ, কে সাধারণ মানুষ সেটা দেখার বিষয় নয়। তিনি এর আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পরে পলাতক হন। একজন সাংসদের কাছে এটা প্রত্যাশিত নয়।
ফারুক আহমেদের পক্ষে আইনজীবী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, এই আসামির বিরুদ্ধে অতীতেও হত্যাসহ অনেক মামলা হয়েছে। তাঁর মতো আসামির জামিন হলে আদালত বিব্রতকর অবস্থায় পড়বে।

‘তুই আমাকে বিধবার শাড়ি পরালি’: গতকাল জামিন শুনানির একপর্যায়ে আদালতে উপস্থিত হন নিহত ফারুক আহমেদের স্ত্রী ও মামলার বাদী নাহার আহমেদ। তিনি দুটি কথা বলার জন্য আদালতের অনুমতি চেয়ে সাংসদ আমানুরকে উদ্দেশ করে বলেন, ‘তোকে আমরা সন্তানের মতো মনে করতাম। আর তুই আমাকে বিধবার শাড়ি পরালি।’ এ সময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন সাংসদ আমানুর।
এদিকে আমানুরের আদালতে হাজির হওয়ার খবরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আদালত এলাকায় ভিড় করেন। পুলিশ-র্যা ব আদালত এলাকায় সতর্ক পাহারা বসায়। আমানুরকে বেলা ১১টার দিকে জেলা কারাগারে নিয়ে যাওয়ার পরপরই আদালত এলাকায় নাহার আহমেদের নেতৃত্বে মিছিল বের হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নাহার বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন ফারুকের হত্যাকারীদের বিচারের ব্যবস্থা নেবেন। তাঁর প্রতি আমার আস্থা আছে। কোনো হত্যাকারীই পার পাবে না।’ সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতা তানভীর হাসান, মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য দেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০১৪ সালের আগস্টে পুলিশ এই হত্যায় জড়িত থাকার অভিযোগে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী নামে আমানুরের দুই ঘনিষ্ঠ ব্যক্তিকে গ্রেপ্তার করে। আদালতে তাঁদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই হত্যায় সাংসদ আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে।