২২৬ কর্মচারীর নিয়োগ স্থগিত, পরিচালকসহ ৩ জন বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগে অনিয়মের অভিযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২২৬ কর্মচারীর নিয়োগ স্থগিত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কলেজের পরিচালকসহ তিনজনকে। বিক্ষোভ করেছেন নিয়োগ পাওয়া ব্যক্তিরা।

আজ মঙ্গলবার সকাল ১০টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালকের ব্যক্তিগত সহকারী আবদুল মান্নান।

বরখাস্ত হওয়া তিনজন হলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিজাম উদ্দিন ফারুক, উপপরিচালক মো. সহিদুল ইসলাম হাওলাদার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল জলিল।

আবদুল মান্নান জানান, মন্ত্রণালয় থেকে পাওয়া ফ্যাক্স বার্তায় বলা হয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ মিলেছে। তাই ২২৬ কর্মচারীর নিয়োগপত্রের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কোনো ধরনের আর্থিক সুবিধা না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নিয়োগ স্থগিত হওয়ার সংবাদ পাওয়ার পর হাসপাতালের প্রধান ফটক আটকে রেখে বিক্ষোভ করেন নিয়োগ পাওয়া কর্মীরা। পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখান থেকে ফয়সাল ও কাওসার গাজী নামের দুজনকে আটক করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকে আটক করা হয়েছিল। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের দায়িত্বশীল একজন প্রথম আলোকে বলেন, মূলত মন্ত্রীদের রোষানলে পড়েছেন পরিচালকসহ অন্যরা। মন্ত্রীদের চাহিদা অনুযায়ী লোক নিয়োগ না হওয়ায় নিয়োগ স্থগিতসহ পরিচালক, সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে সহকারী পরিচালক গতকাল সোমবার থেকে অবসরোত্তর ছুটিতে গেছেন। তাঁকেও বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে সদ্য সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিজামউদ্দিন ফারুক প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেন হয়নি। যাঁরা প্রকৃত নিয়োগ পাওয়ার কথা, তাঁরাই পেয়েছেন। তদন্ত কমিটির সামনে আমরা সব তথ্য উপস্থাপনও করেছি। তারপরও কেন আমাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, বুঝতে পারছি না। আমাদের দুর্ভোগে ফেলার জন্য করা হয়েছে।’

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত ৩ ডিসেম্বর একটি দল বরিশালে এসে তদন্ত করে। দলের সদস্যদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে তিন কর্মকর্তার সাময়িক বহিষ্কারের আদেশ প্রকাশ করা হয়। একই সঙ্গে নিয়োগ পাওয়া লোকজনের নিয়োগও স্থগিত করা হয়।