চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় ২৩ ছাত্রকে বিভিন্ন মেয়াদে ছাত্রাবাস থেকে বহিষ্কার ও আর্থিক জরিমানা করা হয়েছে। এর মধ্যে চারজনকে শিক্ষা কার্যক্রম থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
চুয়েট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তেল ও খনি প্রকৌশল বিভাগের ছাত্র শাহ নেওয়াজ, যন্ত্রকৌশল বিভাগের মো. হাসানুজ্জামান, পুরকৌশল বিভাগের মকবুলুর রহমান ও মোহাম্মদ শরিফুল ইসলামকে ছাত্রাবাস থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ছয় মাসের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার এবং আট হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
স্থাপত্য বিভাগের শেষ বর্ষের ছাত্র দাউদ ইব্রাহিম, পুরকৌশল বিভাগের শেষ বর্ষের জি এম এনামুল কবির, নাহিদ পারভেজ ও কম্পিউটার কৌশল বিভাগের কামরুল ইসলামকে ছাত্রাবাস থেকে দুই বছরের জন্য বহিষ্কার এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া পুরকৌশল বিভাগের ফরহাদুল হাসান, বিলটন বসাক ও সোহেল রানা, কম্পিউটার কৌশল বিভাগের রাশেদুল হাসান, জাহীন মাহদী, মো. মুক্তাদির, নিলয় দে, তড়িৎ কৌশল বিভাগের সাইদুল আলম, আসিফুর রহমান ও নাগিব আহসান, স্থাপত্য বিভাগের ইশরাক হোসেন, ফারহান আরিফ, তেল ও খনি প্রকৌশল বিভাগের বিজয় কুমার পাল, যন্ত্রকৌশল বিভাগের মুনতাসির সারোয়ার, শিফাত সিদ্দিককে ছাত্রাবাস থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তাঁদের সবাইকে তিন হাজার টাকা করেও জরিমানা করা হয়েছে।
জানতে চাইলে চুয়েটের ছাত্রকল্যাণ ও পরিচালক আশুতোষ সাহা গতকাল বৃহস্পতিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বিশ্ববিদ্যালয়ের ২৩ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বহিষ্কারের সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর হয়েছে।