২৩ মাস ধরে কিশোর নিখোঁজ
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী মধ্যপাড়া গ্রামের এক কিশোর ২৩ মাস ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। ফলে তার পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েছেন।
ওই কিশোরের নাম আরিফুল ইসলাম (১৩)। সে বাউসী মধ্যপাড়া গ্রামের মো. কামরুল হাসানের ছেলে এবং বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
আরিফুলের বাবা মো. কামরুল হাসান বলেন, ‘২৩ মাস ধরে ছেলেকে খুঁজে না পাওয়ায় এখন আশা ছেড়ে দিয়েছি।’
বিদ্যালয় ও নিখোঁজ শিক্ষার্থীর পরিবার সূত্র জানায়, আরিফুল ইসলাম ২০১৫ সালের ২৮ মার্চ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। ওই দিন সে ক্লাসও করেছে। পরে সে আর বাড়ি ফিরে যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট, সাদা হাফ শার্ট। তার উচ্চতা চার ফুট, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বা। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে একই বছরের ২৫ আগস্ট তার পরিবার সরিষাবাড়ী থানায় জিডি করে।
আরিফুলের মা আম্বিয়া বেগম বলেন, ‘আমার ছেলে স্কুলে পড়াশোনার জন্য বাড়ি থেকে বাইর হয়ে যাওয়ার পর আজও ফিরে আসেনি। তোমরা আমার আরিফকে আইনা দেও?’
বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম বলেন, ওই দিন আরিফুল স্কুল শেষে বাড়ির উদ্দেশে ফিরে যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, এ ব্যাপারে থানায় জিডি হয়েছে। বেতার বার্তার মাধ্যমে এ খবর দেশের সব থানায় জানানো হয়েছে।