২৩ হামলাকারী শনাক্ত: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের আনসার ক্যাম্পে হামলার ঘটনায় ৩৬ জন অংশ নেন বলে দাবি করেছে পুলিশ। হামলাকারীরা সবাই রোহিঙ্গা। তাঁদের মধ্যে ২৩ জনকে শনাক্ত করা গেছে। হামলার পর দুই নারীসহ সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে যৌথ বাহিনী।
পুলিশের কর্মকর্তারা বলছেন, ওই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে।
পুলিশের দাবি, অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি রোহিঙ্গা মো. হোসেন ওরফে রফিকের নেতৃত্বে আনসার ক্যাম্পে হামলা হয়। রফিক নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের ডি-ব্লকের বাসিন্দা ছিলেন। হামলার পর তাঁর দুই স্ত্রীকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, ২০১৫ সালের ১৫ মার্চ নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে আনসার বাহিনীর সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এতে এক রোহিঙ্গা ডাকাত নিহত এবং দুজন আনসার সদস্য আহত হন। গুলিবিদ্ধ হন ডাকাত দলের নেতা মো. রফিকসহ আরও তিনজন। ওই ঘটনার পর থেকে রফিক পলাতক রয়েছেন।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসী রফিকের নেতৃত্বেই একটি দল আনসার ক্যাম্পে হামলা করে।’ তিনি বলেন, রফিকের দুই স্ত্রী (সুমাইয়া আক্তার ও আনোয়ারা বেগম) এবং রাজ্জাক নামে আরেক রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ক্যাম্পে হামলাকারীদের বিষয়ে তাঁরা যৌথ বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। শনাক্ত হওয়া ২৩ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের দাবি, আটক রাজ্জাক মিয়ানমারের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য। তিনি আইটি বিশেষজ্ঞ।
১২ মে রাতে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের নিরাপত্তায় নিয়োজিত শালবন আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা অস্ত্রাগার লুট করতে চাইলে বাধা দেন ক্যাম্পের আনসার কমান্ডার মো. আলী হোসেন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে প্রাণ হারান তিনি। পরে দুর্বৃত্তরা ক্যাম্প থেকে ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে পালিয়ে যায়।
এদিকে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযান চললেও গত আট দিনে লুট হওয়া ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি উদ্ধার করা যায়নি। হামলায় জড়িত সন্দেহে গত বুধবার কক্সবাজার থেকে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আব্দুল হামিদ (৩২) ও আবদুল আমিন (৩৫)। দুজনই নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে থাকেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, আবদুল হামিদের বিরুদ্ধে থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে। আবদুল আমিনের বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দুজনকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, হামলার ঘটনায় আটক তিনজনকে যৌথ বাহিনী জিজ্ঞাসাবাদ করছে। তাঁদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, আনসার ক্যাম্পে হামলাকারীদের গ্রেপ্তার ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের ব্যাপারে গত বৃহস্পতিবার সকালে নয়াপাড়া শিবির-সংলগ্ন বিজিবির একটি ফাঁড়িতে যৌথ বাহিনীর সদস্যরা জরুরি বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আলজাহিদ, উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী, র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট আসিকুর রহমান প্রমুখ।