ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে আমির হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী চক্রের সদস্যরা। অপহরণের ২৪ ঘণ্টা পর প্রযুক্তির সাহায্যে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বুধবার সকালে তাঁকে উদ্ধার করেছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত তিন দুর্বৃত্তকেও পুলিশ গ্রেপ্তার করে।
আমির হোসেন আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার আসকর আলীর ছেলে। বাড়ির পাশেই তাঁর একটি মুদি দোকান রয়েছে।
ডিবির একাধিক কর্মকর্তা ও অপহৃতের পারিবারিক সূত্র জানায়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম চরতিল্লী গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশে আমির হোসেন গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। এর এক ঘণ্টা পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বিকেল পর্যন্ত তাঁর হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে ওই দিন বিকেল চারটার দিকে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর এক ঘণ্টা পর পাঁচটার দিকে অপহরণকারী চক্রের সদস্যরা স্ত্রী ইয়াসমিন বেগমের মুঠোফোনে কল করে তাঁকে (আমির) অপহরণের দায় স্বীকার করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর ঘণ্টা দুয়েক পর তাঁর বাবা আসকর আলীর মুঠোফোনে কল করে আবার ৫০ লাখ টাকা দাবি করে আশুলিয়া সিটি সেন্টারের পাশের একটি দোকানে থলের ভেতরে রাখা মেমোরি কার্ড সংগ্রহ করতে বলে। তাদের কথামতো মেমোরি কার্ডটি সংগ্রহ করে দেখা যায় আমিরকে হাত-পা বেঁধে একটি কক্ষের ভেতরে ফেলে রাখা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি আশুলিয়া থানাকে অবহিত করা হলে থানা থেকে ডিবি পুলিশের সহায়তা নেয়। পরে মুঠোফোনের সূত্র ধরে প্রযুক্তির সাহায্য নিয়ে ডিবি পুলিশ গতকাল সকালে আশুলিয়ার পলাশবাড়ির বাতানের টেক এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন বাড়ির দ্বিতীয়তলার একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে। পুলিশ এ সময় ওই কক্ষ থেকে হাসানুজ্জামান (২০), রাসেল হোসেন (২৩) ও আল-আমিন (১৮) নামে তিন অপহরণকারীকেও গ্রেপ্তার করে। তাঁরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ডিবি পুলিশের পরিদর্শক শাহীন শাহ পারভেজ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ছাড়াও তাঁদের সঙ্গে আমিনুল, সেলিম, রকি, চান্দু, ইসমাইল ও সুমন নামে আরও পাঁচজন জড়িত ছিল। তারা অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে।