
চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউট থেকে গোলপাহাড় মোড়ের দূরত্ব ৫০০ মিটারেরও কম। গত বুধবার বিকেলে এই সড়ক দিয়ে হেঁটে গোলপাহাড় মোড়ে যাচ্ছিলেন চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। পথে ট্রাকচাপায় মারা যান তিনি। অথচ আবাসিক এলাকার পাশের এই সড়ক দিয়ে দিনের বেলায় পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমতি নেই।
চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, নগরে সকাল ৮টা থেকে রাত পর্যন্ত ১০টা ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভারসহ সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু পুলিশের সামনেই নিষেধাজ্ঞা অমান্য করে ২৪ ঘণ্টা এসব গাড়ি চলছে। এতে নগরে যানজট অসহনীয় হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনারও ঝুঁকি বাড়ছে।
যানজট দূর করা ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য চট্টগ্রাম নগরে আজ সোমবার থেকে শুরু হচ্ছে ট্রাফিক সপ্তাহ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্দরের সঙ্গে যুক্ত কয়েকটি সড়ক ছাড়া গোটা নগরে ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার চলাচল নিষিদ্ধ। হয়তো নিষেধাজ্ঞা অমান্য করে দু-একটি ট্রাক নগরের বিভিন্ন সড়কে চলছে। এখন থেকে আর ট্রাক চলাচল করতে পারবে না। বাদশা মিয়া সড়কে ট্রাকচাপায় মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ওই সড়কে দিনের বেলায় ট্রাক কীভাবে গেল, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
আমদানি ও রপ্তানির পণ্যবাহী কয়েক হাজার ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার প্রতিদিন চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। এ জন্য নগরের তিনটি সড়কে ২৪ ঘণ্টা ট্রাক-কাভার্ড ভ্যান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে বারিক বিল্ডিং হয়ে সদরঘাট, কোতোয়ালি ও লালদীঘির পাড় হয়ে খাতুনগঞ্জ এবং শাহ আমানত সেতু দিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল করতে পারবে। এ ছাড়া পোর্ট কানেকটিং সড়ক হয়ে অলংকার মোড় দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, বন্দরের ভেতর থেকে উড়ালসড়ক হয়ে টোল সড়ক এবং ফৌজদারহাট হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে বাধা নেই। এর বাইরে নগরের অন্য সড়কে জরুরি রপ্তানি পণ্য, ওষুধ ও পচনশীল পণ্য পরিবহনের জন্য বিশেষ বিবেচনায় ট্রাক চলতে পারবে। তবে এর জন্য পুলিশের কাছ থেকে আগেই লিখিত অনুমতি নিতে হয়।
প্রাইম মুভার টেইলর ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, জরুরি রপ্তানি ও পচনশীল পণ্য পুলিশের লিখিত অনুমতি নিয়ে কেবল বন্দরে যেতে পারবে। কিন্তু কোনো অদৃশ্য কারণে ইট-বালু, সিআর কয়েল, সিমেন্ট-রডসহ সব ধরনের পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান নগরে অবাধে চলাচল করছে। এ কারণে চট্টগ্রাম নগরে যানজট বাড়ছে। পুলিশ সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করলে এই অসহনীয় যানজট কমে আসবে।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম নগরে দিনের বেলায় ট্রাক-কাভার্ড ভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই সিদ্ধান্তের কারণে স্বস্তি পেয়েছিল নগরবাসী। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং পরে আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর নজরদারি করেছিল ট্রাফিক পুলিশ। তবে ধীরে ধীরে তা শিথিল হয়ে গেলে নগরের বড়-ছোট সব সড়কে অবাধে পণ্যবাহী গাড়ি চলাচল শুরু হয়। এখন নগরে ২৪ ঘণ্টাই ট্রাক ও কাভার্ড ভ্যান চলছে।
নগরের কাজীর দেউড়ির নুর আহমেদ সড়কের দুই দিক অঘোষিত ট্রাকস্ট্যান্ডে পরিণত হয়েছে। গতকাল বেলা ১১টায় নুর আহমেদ সড়কে ট্রাকচালক আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, দিনে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি তাঁর জানা নেই। নিষেধাজ্ঞা থাকলে নিশ্চয়ই পুলিশ গাড়ি চলাচলে বাধা দিত বলে তিনি মন্তব্য করেন।
নিষেধাজ্ঞা অমান্য করে দিনের বেলায় পণ্যবাহী বড় গাড়ি চলাচল করার কারণ জানতে চাইলে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, জরুরি রপ্তানি পণ্যের আড়ালে কিছু ট্রাক ও কাভার্ড ভ্যান নগরে চলাচল করছে। এসব গাড়ি ঠেকানোর দায়িত্ব ট্রাফিক পুলিশের।