২৪ ঘণ্টায় তিন অজ্ঞাত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ, গাজীপুর সদর উপজেলা ও নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে গত ২৪ ঘণ্টায় চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটি লাশের পরিচয় মেলেনি। কেরানীগঞ্জ ও গাজীপুরে আরও দুটি খুনের ঘটনা ঘটেছে। 
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের দুটি থানায় ২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত ৩৫ জনের লাশ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ১৭টি লাশ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ পাশের রাজেন্দ্রপুর এলাকার সাউথ টাউনের বিপরীত পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (২৬) লাশ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির মাথা, মুখ কালো ও ফোলা ছিল। পরনে ছিল কালো ফুল হাতা শার্ট ও সাদা রঙের লুঙ্গি। লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুরের জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, শুক্রবার বেলা তিনটার দিকে গাজীপুর সদর উপজেলার পূর্ব জাঝর এলাকার একটি খাল থেকে এক যুবকের (৩০) ভাসমান লাশ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় মেলেনি। তাঁর পরনে কালো চেক ফুল শার্ট ও ধূসর রঙের ফুল প্যান্ট ছিল।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া এলাকা থেকে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, শ্বাসরোধ করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল গাজীপুর সদর উপজেলার কাশিমপুর পানিশাইল গ্রামে মায়া রানী নামের পোশাক কারখানার এক কর্মীর লাশ উদ্ধার করা হয়। মায়া রানীর প্রতিবেশীদের বরাত দিয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই আকরাম হোসেনের ভাষ্য, শুক্রবার রাতে স্বামী অতুল কারখানার কাজে চলে যাওয়ার পর কোনো একসময় মায়া রানী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
গতকাল দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইস্পাহানী নদীধারা আবাসিক এলাকায় আবদুস সাত্তার মিয়া (৪২) নামের এক ব্যক্তি খুন হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে হইচইয়ের শব্দ শুনে ওই বাসায় গিয়ে সাত্তার মিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখেন তাঁরা। চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত ব্যক্তির ছেলে মো. ইনসান (১৯), মেয়ে সীমা আক্তার (১৬) ও স্ত্রী ফাতেমা বেগমকে (৪০) আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের কারণে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শুক্রবার বিকেলে জয়দেবপুর থানার পুলিশ সদর উপজেলার হাতিয়াব এলাকা থেকে ইউনিভার্সেল এক্সেসরিজ নামের একটি কারখানার নৈশপ্রহরী সাইদুল ইসলামের (৬০) লাশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার পেছনে একটি টিপকলে গোসল করতে যান। পরে তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে কারখানার লোকজন পেছনের একটি কক্ষে তাঁর গলা কাটা লাশ পান। পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।