২৪ ঘণ্টার মধ্যে মেলা বন্ধের দাবি মুসল্লি ও শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া চালানোর অভিযোগ উঠেছে। মেলায় উচ্চশব্দে বাজানো হচ্ছে মাইক। এলাকার মুসল্লি এবং শিক্ষার্থীরা গতকাল সোমবার বিক্ষোভ করে মেলা বন্ধের দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

বিক্ষোভকারী কয়েকজনের অভিযোগ, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও হাট কমিটি ১৬ জানুয়ারি থেকে আনন্দ মেলার আয়োজন করেছে। কবে এ মেলা বন্ধ হবে, তার সুনির্দিষ্ট সময়সীমা নেই। মেলায় প্রথম দিন থেকেই যাত্রা, সার্কাস, ভ্যারাইটি শো, পুতুলনাচ ও জাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য চলছে। রয়েছে হাউজি, ওয়ানটেন ও চরকিসহ ১৪ রকমের জুয়ার আসর। মেলাকে ঘিরে গড়ে উঠেছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও মদের আখড়া। এলাকায় বেড়ে গেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা।

মেলায় উচ্চশব্দে মাইক বাজানো হচ্ছে। এতে আশপাশের মসজিদগুলোতে পড়তে আসা ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা অসুবিধায় পড়ছেন।

এর প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে জোহর নামাজের পর গোলাকান্দাইলে মেলার কাছে এক বিক্ষোভের আয়োজন করা হয়। এতে পাশের পাঁচটি মসজিদের মুসল্লি এবং স্থানীয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীসহ ২০০-৩০০ মানুষ অংশ নেন। তাঁরা মেলা বন্ধের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। অন্যথায় নিজেরাই মেলা গুঁড়িয়ে দেবেন বলে হুমকি দিয়েছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মেলার আয়োজক কমিটিতে যুক্ত অন্তত তিনজন বলেছেন, এ মেলার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার থেকে শুরু করে রূপগঞ্জ থানা ও ভুলতা পুলিশ ফাঁড়িকে ম্যানেজ করা হয়েছে। এ জন্য প্রশাসনকে দৈনিক এক লাখ টাকা দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মেলা থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

ইউএনও ফারহানা ইসলাম বলেন, মেলায় ভ্যারাইটি শো, জুয়ার আসর, নগ্ন নৃত্য ও মাদকের আড্ডার অনুমতি দেওয়া হয়নি।