২৪ ঘণ্টায় তিন যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে জেলা সদর থেকে একটি ও শাহরাস্তি উপজেলা থেকে দুটি লাশ উদ্ধার করা হয়।

শাহরাস্তি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল পাঁচটার দিকে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের ওয়ারুক বাজার এলাকা থেকে মাহবুব আলম (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। মাহবুব আলমের বাড়ি কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামে। আর বেলা বারোটার দিকে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ ডাটরাশিবপুর রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে চাঁদপুর মডেল থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে চাঁদপুর শহরের ঢালীরঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে চাঁদপুর সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র শুভ সাহা চঞ্চলের (২২) লাশ উদ্ধার করে।

নিহত ব্যবসায়ী মাহবুব আলমের চাচাতো ভাই মোশারফ হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে মাহবুব বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। তাঁর খোঁজে এলাকায় মাইকিং করা হয়। তিনি আশ্রাফপুর গ্রামের নতুন বাজার এলাকায় খুচরা ব্যবসা করতেন। অন্য কোথাও হত্যা করে ওয়ারুক বাজার এলাকায় তাঁর লাশ ফেলে রাখা হয়েছে।

মাহবুবের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, মাহবুবের গলায় ও কোমরে কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে তিনি ধারণা করছেন।

রাগৈ এলাকার গ্রাম পুলিশ আনোয়ারা বেগম জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে রাস্তার পাশে এক অচেনা যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী শাহরাস্তি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, ওই যুবকের গায়ে সাদা শার্ট, পরনে জিন্সের প্যান্ট ও পায়ে কালো স্যান্ডেল ছিল। তাঁর মাথার পেছনের অংশ ও চোখের নিচে জখমের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য অজ্ঞাত যুবকের লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।

ব্যবসায়ী মাহবুবের লাশও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান।

এ​দিকে নিহত শুভ সাহা চঞ্চলের দুলাভাই বিপ্লব সাহা প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে শুভ তার বাবাকে ‘একটু বাহির থেকে আসি’ বলে ঘর থেকে বের হয়। রাতে ঘরে না আসায় পরদিন তাঁর বাবা সত্য নারায়ণ সাহা চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর দুদিন পর গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁর পরিবারের সদস্যরা খবর পান, চাঁদপুর শহরের ঢালীরঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে একটি লাশ ভেসে আছে। পরে তাঁরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন।

চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন জানান, নিহত শুভ সাহার শরীরে একটি নীল রঙের গেঞ্জি ছাড়া পরনে কিছু ছিল না।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, লাশটির সুরতহাল ও ময়নাতদন্ত করা হয়েছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।