২৪ ঘণ্টায় শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে চুরি হওয়া ছয় মাস বয়সী শিশু সুমাইয়া আক্তারকে জয়পুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত নাসিমা বেগমকে (৩৫) আটক করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে জয়পুরহাটের জিতারপুর হঠাৎপাড়া গ্রাম থেকে শিশুসহ ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার ঢাকার দক্ষিণ খানের চালাবন মৌশাইল এলাকায় নিজ বাসা থেকে চুরি হয় সুমাইয়া। অভিযুক্ত নাসিমা ওই বাড়িতে খণ্ডকালীন গৃহপরিচারিকার কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চা পান করার কথা বলে সুমাইয়াকে নিয়ে বাসার বাইরে যান নাসিমা। এরপর তিনি গা ঢাকা দেন। পরে শিশুটির পরিবারের লোকজন নাসিমার গ্রামের বাড়ির ঠিকানা জোগাড় করে জয়পুরহাটে আসেন এবং পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ অভিযান চালায়।

সুমাইয়ার চাচা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, নাসিমা তিন মাস ধরে তাঁদের বাড়িতে খণ্ডকালীন গৃহপরিচারিকার কাজ করতেন। তাঁকে দিয়ে মাঝে মাঝে কাজ করাতেন সুমাইয়ার মা। শিশুটির বাবা আজিজুল ইসলাম পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। সুমাইয়া তাঁদের একমাত্র সন্তান।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, নাসিমা শিশুটিকে চুরি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সুমাইয়ার বাবা আজিজুল ইসলামের ঢাকার দক্ষিণ খান থানায় মামলা করার কথা রয়েছে। দক্ষিণ খান থানা-পুলিশ জয়পুরহাটে এলে, তাদের কাছে নাসিমা ও শিশুটিকে হস্তান্তর করা হবে।