২৪ ছাত্রসহ ২৮ জনের বিরুদ্ধে আইসিটি আইনে দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ জন ছাত্রসহ ২৮ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আমিনুল ইসলাম গত রোববার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা দুটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, অপপ্রচার, উসকানিমূলক বক্তব্য, শিক্ষকদের গালিগালাজ ও হুমকি এবং ছাত্রদের চলমান অযৌক্তিক আন্দোলনের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এ অবস্থায় অভিযোগগুলোর অনুসন্ধান করে ফেসবুক আইডিগুলো বন্ধ ও আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, আইসিটি আইনে দুটি মামলা গ্রহণ করা হয়েছে। এসব মামলায় ২৪ জন ছাত্র এবং এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আরও চারজনকে আসামি করা হয়েছে।

ছাত্র ও কর্মচারীদের আন্দোলনের কারণে ১৫ দিন ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য গত রোববার প্রক্টর শফিউর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামী ৪ মে রিজেন্ট বোর্ডের জরুরি বৈঠক ডাকা হয়েছে। এ ছাড়া একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে।