২৪টি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারকাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অভিযোগ করে বলেছেন, বরাদ্দের টাকা ছাড় করতে কর্মকর্তাদের উৎকোচ দেওয়ায় তাঁরা প্রাক্কলন অনুযায়ী কাজ করতে পারেননি।
বিরামপুর প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে ‘অন্যান্য ভবন ও স্থাপনা খাতে’ আটটি বিদ্যালয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করে ও তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় বিদ্যালয়ে মেরামত ব্যয় নির্বাহের জন্য ১৬টি বিদ্যালয়ের প্রতিটিতে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।
১ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ পাওয়া বিদ্যালয়গুলো হলো মুকুন্দপুর, বিরামপুর (১), দাউদপুর, চকশুলবান, চাপড়া হামলাকুড়ি, শৌলাহার, কুচায়া মির্জাপুর ও সন্দলপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এক লাখ টাকা করে বরাদ্দ পাওয়া বিদ্যালয়গুলো হলো দিওড় ছালাম উদ্দিন, ভবানীপুর, শৈলান, পাঠনচড়া, চতুরপুর, শ্যামনগর, বেপারিটোলা, মোন্নাপাড়া, পোড়াগ্রাম, নটকুমারি, মাধুপুর, বেনীপুর, দক্ষিণ হরিরামপুর, কসবাসাগরপুর, চৌঠা ও শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাথমিক কার্যালয় থেকে দেওয়া প্রতিটি বিদ্যালয়ের কাজের প্রাক্কলন ও ব্যয়ের ভাউচার নিয়ে প্রতিটি বিদ্যালয়ে সরেজমিনে যাওয়া হয়। এর মধ্যে ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, বরাদ্দ পাওয়া অর্থ নিতে তাঁদের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার শিক্ষা কার্যালয়ের এক অফিস সহকারীকে উৎকোচ দিতে বলেন। এ ছাড়া তাঁদের উপসহকারী প্রকৌশলী ও ট্রেজারি শাখা মিলিয়ে ১০ থেকে ২০ হাজার করে টাকা উৎকোচ দিতে হয়েছে। এ কারণে তাঁরা প্রাক্কলন অনুয়ায়ী কাজ করতে পারেননি। তবে চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তাঁদের কাছে উৎকোচ দাবি করা হয়েছিল, কিন্তু তাঁরা দেননি। তাঁদের মধ্যে দুজন প্রধান শিক্ষক বলেন, তাঁরা উৎকোচ না দেওয়ায় তাঁদের বরাদ্দের টাকা দিতে হয়রানি করা হয়েছে।
তবে সরেজমিনে ওই ২৪টি বিদ্যালয়ে গিয়ে কোনোটিতেই প্রাক্কলন অনুযায়ী কাজ দেখতে পাওয়া যায়নি। ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ব্যয়ের বিপরীতে যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের ভাউচার শিক্ষা কার্যালয়ে জমা দিয়েছেন, প্রায় সবগুলো ভাইচারই জাল বলে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকেরা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
ভুয়া ভাউচার জমা দেওয়ার সত্যতা নিশ্চিত করে ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা প্রথম আলো বলেন, উপজেলা প্রকৌশল কার্যালয়ের অফিস সহকারী জব্বার হোসেন তাঁদের এসব ভাউচার করে দিয়েছেন। এ ব্যাপারে জব্বার হোসেন প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকেরা বরাদ্দের অর্থ ব্যয়ের সঠিক নিয়ম না জানায়, সঠিকভাবে ভাউচার তৈরি করতে পারছিলেন না। তাই শিক্ষকদের অনুরোধে তিনি এসব করে দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার প্রথম আলোকে বলেন, তিনি বরাদ্দের টাকা ছাড় করতে কোনো উৎকোচ নেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। এরপরও বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।