২৫ দিনে গ্রেপ্তার ৫৪, ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন (দুদক)
দুর্নীতি দমন কমিশন (দুদক)

হঠাৎ করেই গ্রেপ্তার অভিযানে সক্রিয় হয়ে উঠেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৫ দিনে সারা দেশে অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিপরিচয় ও অবস্থান বিবেচনা না করে ছোট-বড় সব অভিযুক্তকে ধরতে না পারলে অভিযান প্রশ্নবিদ্ধ হবে।
সাবেক সচিব ইকবাল মাহমুদের নেতৃত্বে দুদকের নতুন কমিশন দায়িত্ব নেয় গত ১৪ মার্চ। ২৭ মার্চ থেকে গ্রেপ্তার অভিযানে নামে সংস্থাটি। ২০০৭ সালে এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করে আলোড়ন সৃষ্টি করেছিল দুদক। এরপর গত আট-নয় বছরে তেমন কোনো গ্রেপ্তার অভিযান পরিচালনা করেনি।
গতকাল বুধবার দেশের বিভিন্ন এলাকায় ১০ জনকে গ্রেপ্তার করেছে দুদক। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, ঢাকা ওয়াসার সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আর জে এম রবিউল কাউসার, সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের সাবেক সভাপতি ও অডিটর মো. রফিকুল ইসলাম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক অফিস সহকারী মো. দেলওয়ার হোসেন, প্রোগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের সাবেক হিসাবরক্ষক রাজু আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির হিসাবরক্ষক আল মাহমুদ, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো. বাবুল আক্তার, চিকিৎসক জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলের নুরুল আমিন ও দিনাজপুরের মো. আশরাফুল রেজভী।
সাম্প্রতিক সময়ে দুদকের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বহুল আলোচিত বেসিক ব্যাংক জালিয়াতি মামলার এজাহারভুক্ত আসামি তিন ব্যবসায়ী ও দুই ব্যাংকার রয়েছেন। রয়েছেন জনতা ব্যাংক থেকে এলসির মাধ্যমে প্রায় ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার প্রধান আসামি ব্যবসায়ী টিপু সুলতান। এ ছাড়া ওই তালিকায় ব্যাংক কর্মকর্তা, প্রকৌশলী, সাবেক সিভিল সার্জন, চিকিৎসক, রাজউকের কর্মচারী, ব্যবসায়ী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, মাদ্রাসার শিক্ষক, নিকাহ রেজিস্ট্রার, ঠিকাদারের পাশাপাশি সাধারণ নাগরিকও রয়েছেন।
আইনজ্ঞ শাহদীন মালিক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, দুর্নীতির অভিযোগে করা মামলায় ছোটখাটো সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকেরা গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু রাঘববোয়ালদের অনেকেই বাইরে। এর মাধ্যমে দুদক আবারও প্রমাণ করছে, হয় দুদক রাঘববোয়ালদের ধরতে পারে না অথবা রাঘববোয়ালরা দুর্নীতি করে না।
দুদক সূত্র জানায়, ২০১৫ সালে ৪৭৮টি মামলা করে দুদক। এসব মামলায় এজাহারভুক্ত আসামি আছেন প্রায় ৮০০। এর বাইরেও নতুন-পুরোনো এবং আদালত, থানা ও বিভিন্ন দপ্তর থেকে তদন্তের জন্য আসা বিভিন্ন ধারায় করা মামলা প্রায় ২০ হাজার এবং দুদকের করা নিজস্ব মামলা আছে ৩ হাজারের মতো। এসব মামলার আসামির সংখ্যা কয়েক হাজার। এঁদের মধ্যে ব্যবসায়ী, রাজনীতিক, ব্যাংকারসহ প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন।
বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় করা ৫৬ মামলায় আসামির সংখ্যা ১২০। এর মধ্যে ব্যাংকার ২৭, সার্ভে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ১১ জন এবং বাকি ৮২ জন ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক। এঁদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন পাঁচ ব্যাংকার ও তিন ব্যবসায়ী। অন্যরা এখনো বাইরে। বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক এ মোনায়েম খান ও কনক কুমার পুরকায়স্থ, রিলেশনশিপ ম্যানেজার পলাশ কুমার দাসগুপ্ত, এজিএম আবদুস সাত্তার খান, সাবেক এজিএম আবদুস সবুর, ডিজিএম কোরবান আলী, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোর্শেদ, সাবেক জিএম গোলাম ফারুক খান, উপব্যবস্থাপক এস এম জাহিদ এখনো ধরাছোঁয়ার বাইরে। জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ওই ৫৬ মামলার ৭৯ জন ব্যবসায়ীও এখনো গ্রেপ্তার হননি।
বেসিক ব্যাংক জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হলেও তাঁকে বাদ দিয়ে ৫৬টি মামলা করেছিল আগের কমিশন। অথচ বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে অর্থ আত্মসাতের জন্য বাচ্চুকে দায়ী করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ব্যাংকটিতে ‘হরিলুটের’ পেছনে আবদুল হাই বাচ্চু জড়িত বলে একাধিকবার উল্লেখ করেন। সংসদীয় কমিটিও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দুদককে বৈঠকে তলব করেছিল, যদিও দুদকের কেউ হাজির হননি। জাতীয় পার্টির নেতা হলেও উচ্চপর্যায়ের যোগাযোগের কারণেই বাচ্চুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
বিসমিল্লাহ গ্রুপের এক হাজার কোটি টাকারও বেশি জালিয়াতির ঘটনায় করা ১২ মামলার কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি দুদক।
রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের অর্ধশত কর্মকর্তা দুদকের মামলায় আসামি। এর মধ্যে ক্রেডিট কার্ড জালিয়াতি মামলায় ইউসিবিএল ব্যাংকের সাবেক ৯ কর্মকর্তা, জনতা ব্যাংক থেকে ২৫১ কোটি টাকা আত্মসাৎ মামলায় শাহজালাল ইসলামী ব্যাংকের বর্তমান ডিএমডি মনজেরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার মসিউর রহমান, এ এস এম জহুরুল ইসলাম, এজিএম শামীম আহমেদ খান, অবৈধ সম্পদ অর্জন মামলায় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান উজ-জামান, সোনালী ব্যাংকের এনসিটিবি শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা কাজী এনামুল হক, মফিজুল ইসলাম ও নারায়ণগঞ্জ করপোরেট শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন এখনো দুদকের নাগালের বাইরে।
গ্রেপ্তার অভিযানে প্রভাবশালী আসামিরা ধরা না পড়ার বিষয়ে জানতে চাইলে দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, প্রতিটি মামলার ধরন ও প্রকৃতি একেক রকম। আসামি গ্রেপ্তারের এখতিয়ার শুধুই তদন্ত কর্মকর্তার। তাঁরা তদন্তের প্রয়োজনেই এসব গ্রেপ্তার অভিযান পরিচালনা করছেন। হঠাৎ করে গ্রেপ্তারে দুদক কেন সক্রিয়, এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, ‘কমিশন থেকে এ বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হয়নি। আমি নিজে এ ধরনের নির্দেশে সই করিনি।’
১৬ এপ্রিল সাতক্ষীরায় এক মতবিনিময় সভায় দুদকের চেয়ারম্যান বলেন, ‘দুদকের মামলার কোনো আসামি বাইরে থাকবে না। কোর্ট থেকে জামিন নিয়ে এসেই বাইরে থাকতে হবে।’
দুদক সূত্র জানায়, প্রয়োজনে যেকোনো আসামিকে গ্রেপ্তার করতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিশনের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মামলার তদন্ত পর্যায়ে দুদকের কর্মকর্তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সেই ক্ষমতাবলে তদন্তের প্রয়োজনে তাঁরা যে কাউকে গ্রেপ্তার করতে পারেন।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দুদকের সাম্প্রতিক অভিযানকে নতুন কমিশনের ‘হঠাৎ সক্রিয়তা’ হিসেবে না দেখে কমিশনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে মনে করেন। তিনি বলেন, দুদকের যে আইনি কাঠামো রয়েছে, তার ওপর দাঁড়িয়েই সংস্থাটি অভিযান পরিচালনা করবে। এটা যেন প্রতীকী না হয়ে যায়। ব্যক্তিপরিচয়, অবস্থাননির্বিশেষে সবাইকে একই মাপকাঠিতে বিবেচনায় নিয়ে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনবে বলে মানুষ আশা করে।
আইনজ্ঞ শাহদীন মালিক বলেন, দুর্নীতি দমনে আইনের কোনো সমস্যা নেই। সমস্যা হলো দক্ষতা, যোগ্যতা ও সদিচ্ছার। দুদককে এসবের প্রমাণ দিতে হবে। তিনি বলেন, ‘ছোটখাটো দুর্নীতির কারণে আমরা দুর্নীতিপরায়ণ দেশ হিসেবে পরিচিতি পাইনি। যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও লুটপাট করে দেশকে পঙ্গু করে দিচ্ছে, তাদের ধরতে না পারলে ‘নখদন্তহীন বাঘ’ উপাধি কোনোভাবেই ঘোচাতে পারবে না দুদক।’