২৫ দিনের শিশুর লাশ রেখে বাবার পলায়ন, মা আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা দক্ষিণপাড়া এলাকায় গতকাল বুধবার ঘরে ২৫ দিনের কন্যাশিশুর লাশ রেখে পালিয়ে গেছেন বাবা। এ ঘটনায় শিশুটির মাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাটোরের সিংড়া থানার শাজাহান আলী ওরফে মোন্নাব পাঁচ-ছয় বছর আগে কালিয়াকৈরের চান্দরা দক্ষিণপাড়া এলাকায় আসেন। পরে ওই এলাকার মজিবর রহমানের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তিনি। পাশাপাশি স্থানীয় একটি কারখানায় চাকরি নেন। এর কিছুদিন পর রাজশাহীর গোদাগাড়ী থানার সামসুদ্দিনের মেয়ে শাহানাজকে বিয়ে করেন শাজাহান। বিয়ের এক বছর পর চাকরি ছেড়ে দেন শাজাহান। পরে স্ত্রী শাহানাজ স্থানীয় লিবার্টি নিটওয়্যার লিমিটেডে চাকরি নেন। স্ত্রী চাকরি নেওয়ার পর থেকে তাঁদের সংসারে কলহ দেখা দেয়। মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এর মধ্যে ২৫ দিন আগে তাঁদের একটি কন্যাসন্তান হয়। মেয়েটির নাম রাখা হয় মুন্নি। গত মঙ্গলবার রাতে খাবার শেষে স্বামী-স্ত্রী মুন্নিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শাহানাজ সকালে ঘুম থেকে ওঠে মুন্নির নাক দিয়ে রক্ত বের হতে দেখেন। মা-বাবা দুজনই বিষয়টি বাড়ির মালিক মজিবর রহমানকে জানান। মজিবর রহমান শিশুটিকে দেখার আগেই সে মারা যায়। এদিকে শিশুটির মৃত্যুর পর শাজাহান পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ওই বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য শাহানাজকে আটক করে থানায় নেওয়া হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বলেন, শিশুর নাক দিয়ে রক্ত বের হওয়ায় ও ঘটনার পর বাবা পালিয়ে যাওয়ায় বিষয়টিকে রহস্যজনক মনে হচ্ছে।