২৫ বিজ্ঞাপনী সংস্থাকে দুদকে জিজ্ঞাসাবাদ বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন অতিরিক্ত আয়তনের বিলবোর্ড, সাইনবোর্ড, এলইডি বোর্ড, নিয়ন সাইন ও ইউনিপোলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করায় ২৫ বিজ্ঞাপনী সংস্থাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৫ বিজ্ঞাপনী সংস্থার মালিককে আগামীকাল বুধবার জিজ্ঞাসাবাদ করবে দুদক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

রাজধানীর দেড় শতাধিক বিজ্ঞাপনী সংস্থা বিলবোর্ড, সাইনবোর্ড, এলইডি বোর্ড, নিয়ন সাইন ও ইউনিপোলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে। মিথ্যা ঘোষণা দিয়ে বিজ্ঞাপন প্রচারের কারণে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। বিষয়টি অভিযোগ আকারে দুদকে এলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। অনুসন্ধান প্রক্রিয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তত অর্ধশত বিলবোর্ড, সাইনবোর্ড, নিয়ন সাইন ও ইউনিপোল সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা খুঁজে পান সংস্থাটির কর্মকর্তারা।
অনুসন্ধান সূত্র জানিয়েছে, রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এসব বিজ্ঞাপনী সংস্থার কৌশল চিহ্নিত করতে পেরেছেন তাঁরা। যেমন, কোনো একটি সংস্থা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ৪ ফুট আয়তনের ইউনিপোলের অনুমোদন নিয়ে বাস্তবে পোলের উভয় পাশে ১২ ফুট আয়তনের বিজ্ঞাপন প্রচার করেন। অথচ সিটি করপোরেশনকে তারা অর্থ পরিশোধ করেন ৪ ফুটের। ডিসিসির এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অতিরিক্ত আয়তনের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তাঁরা রাজস্ব ফাঁকি দেন। তবে দুদকের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শনের খবরে অনেক বিজ্ঞাপনী সংস্থা ইউনিপোলের একপাশের বিজ্ঞাপন দ্রুত সরিয়ে নেয়।
সরেজমিন পরিদর্শনে দুদক এ রকম অন্তত ৪৮টি বিজ্ঞাপনী সংস্থাকে চিহ্নিত করেছে যারা বিভিন্ন ধাতব কাঠামো স্থাপন করে অননুমোদিত আয়তনের বিজ্ঞাপন প্রচার করছে। এমন ২৫ সংস্থার মালিককে বুধবার পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করবে দুদক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে তাদের জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান তাদের জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে।
অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৬ আগস্ট ২৫টি বিজ্ঞাপনী সংস্থার মালিককে তলবি নোটিশ পাঠায় দুদক। তলবি নোটিশ পাওয়ারা হলেন-বাসরি অ্যাডের মো. আশরাফুল আলম, সুরাইয়া এন্টারপ্রাইজের সুরাইয়া ইসলাম, গোধূলী মার্কেটিং কমিউনিকেশনের গোলাম কাওছার চৌধুরী, ত্রয়ী মিডিয়া ও টোকিও অ্যাডের মো. মোশারফ হোসেন, দৈনিক গণকণ্ঠের মোহাম্মদ নিজামউদ্দিন জিটু, গুলশান স্টার অ্যাডভারটাইজিংয়ের মো. বারেকুল ইসলাম, অরবিট এন্টারপ্রাইজ ও রাজিয়া টেলিকমের মালিক সোহেল অমিতাভ, প্রিন্স অ্যাডভারটাইজিং, আর সি কমিউনিকেশন এবং চেরী আর্ট পাবলিসিটির গোলাম সারোয়ার কাইউম, এক্সক্লুসিভ মিডিয়ার এমএমএ কবির, ব্ল্যাক ডটের নাহিদ হাসান, পোলাইট অ্যাডভারটাইজিংয়ের সৈয়দ সালেক আহম্মেদ খোকন, ক্যান-বেঙ্গল ট্রেডার্সের এসএম আদনান আউয়াল, এক্সেস ট্রেডিং কোম্পানির বারেকুল ইসলাম বাবুল, ঢাকা মিডিয়ার মোহাম্মদ উল্লাহ, অ্যাড ফেয়ার ডিজাইন অ্যান্ড সাপ্লাইর মোল্লা হাছানুজ্জামান টিপু, ওয়েভার অ্যাড অ্যান্ড কমিউনিকেশনের মো. রেজাউল করিম, অন্য সময়ের মার্কেটিং ম্যানেজার মো. খান জাহান আলী, স্কাই সাইনের মো. সামসুজ্জামান, গ্রীণ বাংলার এমএ আহাদ, স্নো-হোয়াইটের মো. শহীদুল ইসলাম এবং বাংলাদেশ পাবলিসিটির মো. মিজানুর রহমান।