২৫ লাখ কেজি পলিথিন জব্দ, মালিকের জরিমানা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি গুদাম থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ২৫ লাখ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর একটি দল। এ ঘটনায় গুদাম মালিক নাঈম ভূঁইয়াকে (৩৮) এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার উপজেলা সদরের কলেজপাড়া এলাকার ওই গুদাম থেকে এসব পলিথিন জব্দ করা হয়। পরে বিকেলে ভাঙ্গা বিশ্বরোড মোড় এলাকায় জব্দকৃত পলিথিন পুড়িয়ে ফেলা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুল্লাহ আল-হাসান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল দুপুরে ওই গুদামে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ পলিথিন জব্দ ও গুদাম মালিককে আটক করা হয়। পরে গুদাম মালিককে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) পূরবী গোলাদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
নির্বাহী হাকিম পূরবী গোলাদার বলেন, পরিবেশ দূষণ আইনে নাঈম ভূঁইয়াকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।