২৫ লাখ টাকার কাপড়সহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৪৫ রোল কাপড়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আ. রহমান ওরফে সিরাজ হাওলাদার (৫০), মো. বাবু বাবুল (৪৮) ও আবুল কালাম (২৬)।

যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে গতকাল বুধবার এঁদের গ্রেপ্তার করে জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) জুয়েল রানার নেতৃত্বে ডিবির একটি দল। ডিবির দাবি, এঁরা ডাকাত দলের সদস্য।
এসি জুয়েল রানা প্রথম আলোকে বলেন, ৬ জুন যাত্রাবাড়ীর পুনম সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি কাভার্ড ভ্যান থেকে স্টারলিং ডেনিমস লিমিটেড নামে একটি পোশাক কারখানার বিপুল পরিমাণ কাপড় ডাকাতির ঘটনা ঘটে। পোশাক কারখানাটির মালিক বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সন্ধ্যার দিকে শনির আখড়া এলাকা থেকে সিরাজ, বাবু ও কালামকে গ্রেপ্তার করা হয়। এঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল দিবাগত রাতে নারায়ণগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে লুট হওয়া কাপড় উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।