২৫ লাখ টাকার ফেলে যাওয়া সিগারেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের চার নম্বর বেল্টের সামনে থেকে শুল্ক গোয়েন্দারা এসব সিগারেট জব্দ করেন। তাঁদের ধারণা, বিমানবন্দর থেকে বের করতে না পেরে পাচারকারীরা এসব সিগারেট ফেলে রেখে গেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, জব্দ করা সিগারেটের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। প্রথম আলোকে তিনি বলেন, কাস্টমস হলের চার নম্বর বেল্টের সামনে পড়ে থাকা দুটি লাগেজ, দুটি কার্টন, চারটি হাতব্যাগ থেকে ৪০২ কার্টন বেনসন অ্যান্ড হেজেস ও ডানহিল ব্রান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এসব লাগেজ ট্যাগে আবু ও জামাল নামের দুই যাত্রীর নাম লেখা রয়েছে। সিগারেটগুলো দোহা থেকে কাতার এয়ারওয়েজের মাধ্যমে ভোরে ঢাকায় আসে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মইনুল খান বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা থাকতে হবে। এই সতর্কীকরণ ছাড়া বিদেশ থেকে সিগারেট আমদানি করা যায় না। এ ছাড়া এসব সিগারেটের ওপর শতকরা প্রায় ৪৫০ ভাগ কর দিতে হয়। কর এড়ানোর জন্য এসব সিগারেট পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সিগারেটগুলো বিমানবন্দর থেকে বের করতে না পেরে যাত্রীরা সম্ভবত পালিয়ে গেছেন। জব্দ হওয়া সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।