২৫ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফ থেকে গত মঙ্গলবার গভীর রাতে ২৫ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার জল্লারদিয়া এলাকায় অবস্থান নেয়। রাত দুইটার দিকে একটি নৌকা জল্লারদিয়ায় ভেড়ায় চেষ্টা করে। কিন্তু সেখানে বিজিবির সদস্যদের দেখে এক ব্যক্তি এ সময় পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তাঁর কাছে থাকা একটি প্যাকেটে ২৫ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ সময় নৌকাটিও জব্দ করা হয়।
আবু জার আল জাহিদ আরও জানান, ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি মিয়ানমারের মংডু শহরের দরগাপাড়ায়। তাঁকে থানায় হস্তান্তর করে নৌকাটি টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গ্রেপ্তারের ঘটনায় দুটি মামলা হয়েছে।