২৫ হাজার টাকার জন্য খালাতো ভাইয়ের মেয়েকে অপহরণ
মাত্র ২৫ হাজার টাকার জন্য খালাতো ভাইয়ের মেয়েকে অপহরণ করতে গিয়ে গত বুধবার রাতে র্যা বের হাতে আটক হয়েছেন সবুজ সাহা (৩২) নামের এক ব্যক্তি। এ সময় সবুজের খালাতো ভাইয়ের মেয়েকেও (১০) কিশোরগঞ্জের ভৈরবের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বর থেকে উদ্ধার করে র্যা ব।
র্যা ব সূত্র জানায়, সবুজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি এলাকায় কুটি কাঠেরপুল গ্রামে। তাঁর খালাতো ভাইয়ের মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ওই মেয়ে বুধবার বিকেলে গ্রামের বাড়ির উঠানে খেলছিল। সে সময় বেড়ানোর কথা বলে সবুজ শিশুটিকে অপহরণ করে কিশোরগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। অপহরণের পর মুক্তিপণ হিসেবে প্রথমে ২৫ হাজার টাকা দাবি করা হয়। রাত নয়টার দিকে গাড়িতে করে ভৈরব অতিক্রমের সময় চালকের সঙ্গে সবুজের কথা-কাটাকাটির সূত্র ধরে বিষয়টি স্থানীয় জনতার নজরে আসে। খবর পেয়ে র্যা ব গিয়ে গাড়িসহ সবুজকে আটক করে ভৈরব ক্যাম্পে নিয়ে আসে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সবুজ গণমাধ্যমকর্মীদের কাছে অপহরণের কথা স্বীকার করে বলেন, গত বছরের ১৪ ফেব্রুয়ারি তিনি ভালোবেসে বিয়ে করেন। কিন্তু তাঁর পরিবার বিয়ে মেনে নেয়নি ও পণের টাকা দাবি করে। টাকা এনে দিতে না পারায় তাঁকে বাড়ি ছাড়তে হয়। বর্তমানে তিনি কিশোরগঞ্জে ভাড়াবাড়িতে থাকেন ও একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চাকরির আয় দিয়ে সংসার চলছিল না। দেনা পরিশোধের জন্য ২৫ হাজার টাকার প্রয়োজন ছিল। পরিবারের কাছে চেয়েও না পাওয়ায় তিনি অপহরণের পরিকল্পনা করেন।
তবে র্যা বের ক্যাম্পে উপস্থিত সবুজের খালাতো ভাই জানান, সবুজ বিয়ে করে ভাড়াবাড়িতে থাকছেন—এ পর্যন্ত ঠিক আছে। বাকি সব সাজানো গল্প। ছোটবেলা থেকে সবুজ দুষ্টপ্রকৃতির ছিলেন। টাকার জন্য তিনি তাঁর বাবা-মাকে নানাভাবে হয়রানি করতেন।
র্যা ব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহেল হাসান বলেন, অপহরণের পর সবুজ প্রথমে ২৫ হাজার টাকা দাবি করলেও পরে ১০ লাখ টাকা দাবি করেন। রাতেই ওই মেয়েকে তার বাবার কাছে তুলে দেওয়া হয়েছে। সবুজকে কসবা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কসবা থানায় ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।