২৫তম স্ত্রীর করা মামলায় ২৭তমর বাড়িতে গ্রেপ্তার?
যৌতুকের মামলায় বরগুনার তালতলী উপজেলায় ইয়াসিন ব্যাপারী (৪৬) নামের এক ব্যক্তিকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলার বাদী শেফালি আক্তারের দাবি, তিনি ইয়াসিনের ২৫তম স্ত্রী। এরপর আরও তিনটি বিয়ে করেছেন ইয়াসিন।
শেফালি আক্তার বলেন, তাঁর বাবার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামে। ইয়াসিন ব্যাপারীর বাড়ি খুলনা নগরের রূপসা ঘাট এলাকায়। গতকাল ইয়াসিনকে বরগুনার তালতলীর গেন্ডামারা গ্রামে তাঁর ২৭তম স্ত্রীর বাবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ইয়াসিন ব্যাপারীর এক স্বজন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইয়াসিন বিভিন্ন এলাকায় বিয়ে করেছেন বলে শুনেছি। শেফালি নামের আরও একজনকেও তাঁর স্ত্রী বলে জানি।’
শেফালি আক্তারের ভাষ্যমতে, ইয়াসিন ব্যাপারী আগের বিয়ের কথা গোপন রেখে ৫-৬ বছর আগে তাঁকে বিয়ে করেন। ইয়াসিন এর আগেও ২৪টি বিয়ে করেছেন বলে বিয়ের বছর খানেকের মাথায় তিনি জানতে পারেন। তাঁদের একটি মেয়ে হয়। ইয়াসিন কাজের অজুহাতে প্রায়ই বিভিন্ন স্থানে গিয়ে থাকতেন। পরে ইয়াসিন ঝালকাঠির রাজাপুর উপজেলার মাটিভাঙা এলাকায় পুতুল নামের এক মেয়েকে বিয়ে করেন। এর কয়েক দিন পর সব কথা জানতে পেরে ইয়াসিনকে তালাক দেন পুতুল। ২০১৫ সালের মাঝামাঝি ইয়াসিন চট্টগ্রামে গিয়ে রুমানা আকতার নামের একজনকে বিয়ে করেন। রুমানার বাবার বাড়ি তালতলীর গেন্ডামারা গ্রামে। পরে রুমানাকে বাবার বাড়িতে রেখে কাজের অজুহাতে ইয়াসিন আবার চট্টগ্রামে যান। সেখানে ইয়াসিন খুলনার রূপসা এলাকার ফাতেমা নামের আরেকজনকে বিয়ে করেন। এসব কথা জানতে পেরে তিনি (শেফালি) গত বছরের ২৯ সেপ্টেম্বর খুলনার মুখ্য বিচারিক হাকিমের আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করলে বিচারক ইয়াসিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর ইয়াসিন পালিয়ে রুমানা আকতারের বাবার বাড়ি গেন্ডামারা গ্রামে অবস্থান করছেন বলে তিনি জানতে পারেন। তিনি তালতলী থানায় এসে গ্রেপ্তারি পরোয়ানা দেখালে গতকাল সকালে পুলিশ ইয়াসিনকে গ্রেপ্তার করে।
শেফালি আক্তার বলেন, ইয়াসিনের প্রথম থেকে ২৪তম স্ত্রীর নাম তাঁর জানা আছে। এসব স্ত্রীর অনেকের দু-একটি করে সন্তান রয়েছে। ইয়াসিন এদের আর খোঁজখবর নেন না।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, জিজ্ঞাসাবাদে ইয়াসিন দুটি বিয়ে করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর গতকাল দুপুরে আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।