২৫১ কোটি টাকা আত্মসাতের মামলা : পাঁচজনকে জিজ্ঞাসাবাদ
জনতা ব্যাংক থেকে এলসির মাধ্যমে প্রায় ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্তের অংশ হিসেবে ব্যাংকটির বর্তমান ও সাবেক পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন সংস্থার উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁরা হলেন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) মো. নজরুল ইসলাম ও মো. নাজিম উদ্দিন, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনিরুজ্জামান, সাবেক জিএম মো. নুরুজ্জামান ও দাউদ আহমেদ শিকদার।
জনতা ব্যাংক থেকে ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সামছুল আলম। এঁরা হলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম (বর্তমানে শাহজালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক) মনজেরুল ইসলাম, সাবেক এজিএম শামীম আহমেদ খান, লোকাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মশিউর রহমান, সাবেক ব্যবস্থাপক এ এস এম জহিরুল এবং মেসার্স ঢাকা ট্রেডিং হাউসের মালিক মো. টিপু সুলতান।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জনতা ব্যাংকের মতিঝিলের স্থানীয় অফিসে ঢাকা ট্রেডিং হাউজিং লিমিটেডের নামে আমদানি–রপ্তানির ঋণপত্র (এলসি) খুলে মালামাল আমদানি না করে টাকা স্থানান্তর করে ২৫০ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে আসামিরা ওই অর্থ ব্যাংকে থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন।