২৬ কাউন্সিলরের বিরুদ্ধে ১১৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন, নারী নির্যাতন, সন্ত্রাসী কার্যকলাপ, মাদক ব্যবসা, প্রতারণা, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ নানা ধরনের অভিযোগ রয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের এমন ২৬ জন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ১১৩টি মামলা রয়েছে। সর্বনিম্ন ১টি থেকে সর্বোচ্চ ২৫টি পর্যন্ত মামলা রয়েছে একেকজনের বিরুদ্ধে।
জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ৩ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ৫৯টি ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ৩ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে। প্রার্থীদের হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে। ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘হলফনামা ঘেঁটে দেখা গেছে, ৬ জন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে ৮৫টি মামলা। ওই ৬ ব্যক্তি জামায়াত ও বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ও সাবেক কাউন্সিলর। অন্য ২০ জনের বিরুদ্ধে রয়েছে ২৮টি মামলা। ভোটাররা সব দিক বিবেচনা করেই তাঁদের ওয়ার্ডে যোগ্য, স্বচ্ছ ভাবমূর্তি ও নিবেদিতপ্রাণ প্রার্থীকে বেছে নেবেন।’
হলফনামা ঘেঁটে দেখা গেছে, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে বিস্ফোরক, দ্রুত বিচার, মারামারিসহ নানা ঘটনায় ১৯টি মামলা রয়েছে। ২ নম্বর ওয়ার্ডের মো. বিল্লালের বিরুদ্ধেও একই অভিযোগে ১১টি, ৩ নম্বর ওয়ার্ডের মো. আবু বকর সিদ্দীকের বিরুদ্ধে মারামারির ২টি, একই ওয়ার্ডের মো. শাহজাহানের বিরুদ্ধে মারামারির ১টি, মো. আশরাফুজ্জামান ওরফে পিয়ালের বিরুদ্ধে জোড়া খুনের ১টি, ৬ নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের বিরুদ্ধে মারামারির ১টি, একই ওয়ার্ডের মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক, দ্রুত বিচার, সন্ত্রাসবিরোধীসহ ২৫টি, ৭ নম্বর ওয়ার্ডের আতিকুর রহমান খানের বিরুদ্ধে খুনের মামলাসহ ২টি, ৮ নম্বর ওয়ার্ডের বিকাশ চন্দ্র দাসের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ১টি, একই ওয়ার্ডের মোহাম্মদ একরাম হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতনসহ ১৫টি, ১৩ নম্বর ওয়ার্ডের মো. শাখাওয়াত উল্লাহর বিরুদ্ধে মারামারির ১টি, ১৫ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ১টি, ১৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মারামারির ১টি ও একই ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেন ওরফে বাবুলের বিরুদ্ধে মারামারির ১টি, ১৭ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ৭টি, ১৯ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক, সন্ত্রাসবিরোধী আইনসহ ৮টি, ২১ নম্বর ওয়ার্ডের কাজী মাহবুবুর রহমানের বিরুদ্ধে ৩৪ ধারায় ১টি, ২৩ নম্বর ওয়ার্ডের মাহবুব আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২টি, ২৪ নম্বর ওয়ার্ডের এম ডি কে আরিফ বখশীর বিরুদ্ধে মারামারির ১টি, একই ওয়ার্ডের আবদুল কাদের জিলানীর বিরুদ্ধে মাদক মামলাসহ ২টি, ২৫ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমান মজুমদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ১টি, ২৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও মারামারির ঘটনায় ২টি, গোলাম সরোয়ার কাউসারের বিরুদ্ধে মারামারির ১টি, আবদুস সাত্তারের বিরুদ্ধে প্রতারণার মামলাসহ ৩টি, কফিল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে ৩২৩ ধারায় ১টি ও মোবারক হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৫ ধারায় ২টি ফৌজদারি মামলা রয়েছে।
সাধারণ কাউন্সিলরদের মধ্যে অন্তত ৫ জনের সঙ্গে এ প্রতিবেদকের মামলা নিয়ে কথা হয়। তাঁরা অভিন্ন সুরে বলছেন, রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য এসব মামলা দেওয়া হয়েছে। বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিভিন্ন সময়ে এসব মামলা হয়।
এ ছাড়া সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সুরাইয়া বেগমের বিরুদ্ধে ৪২০ ধারাসহ ২টি মামলা রয়েছে। ৪১ জন নারী কাউন্সিলরের মধ্যে শুধু সুরাইয়ার বিরুদ্ধেই মামলা রয়েছে।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীরা হলফনামায় তাঁদের বিরুদ্ধে থাকা মামলার কথা নিজেরাই ঘোষণা দিয়েছেন। আমরা সেগুলো পর্যালোচনা করে দেখছি। কেউ অসত্য তথ্য দিলে এবং প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’