২৬ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
নেত্রকোনার কেন্দুয়া পৌর এলাকার শহীদ ভূঁইয়া ও তাঁর সহযোগীকে ২৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কান্দিউড়া ইউনিয়নের হাওর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহীদ ভূঁইয়া ও তাঁর সহযোগীরা কান্দিউড়া ইউনিয়নের হাওরে মাদকদ্রব্য বিক্রি করছেন—এমন খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় শহীদ ভূঁইয়া (৪৮) ও তাঁর সহযোগী এনু মিয়া ওরফে এনামুলকে (২৮) ২৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। এনামুলের বাড়ি পাশের ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা গ্রামে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শহীদ ভূঁইয়ার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাঁকে খুঁজছিল। ২৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আকন্দ বাদী হয়ে থানায় মামলা করেছেন।