২৬ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
এইচএসসি পরীক্ষার আগের রাতে নিখোঁজ হয় চট্টগ্রামের পটিয়ার রিয়াজুল ইসলাম ওরফে রাজু। তার সন্ধানে পরিবারের পক্ষে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রাস্তার পাশের নালা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রিয়াজুল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মাজার জিয়ারত করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বুধবার রাত প্রায় আটটার দিকে পটিয়ার রামকৃঞ্চ সেবাশ্রম সড়কের সিকদার ভবনের সামনে নালার পাশে তাকে দুর্বৃত্তরা অটোরিকশা থেকে ফেলে পালিয়ে যায়।
অসুস্থ অবস্থায় রিয়াজুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটিয়ার ছালেহ নুর ডিগ্রি কলেজ থেকে এবার তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে পটিয়া পৌর সদরের মাঝের ঘাটা গ্রামের আলী আহমদের ছেলে।
সিকদার ভবনের ভাড়াটে স্কুলছাত্র সঞ্জয় বড়ুয়া জানায়, বুধবার রাতে বাসার সামনে মানুষের গোঙানির শব্দ শুনে বের হয় সে। এক যুবককে হাত-পা রশি দিয়ে বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় নালার পাশে পড়ে থাকতে দেখেন। এ সময় রাস্তার পথচারীরা তাঁকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রিয়াজুলের বাবা আলী আহম্মদ জানান, এইচএসসি পরীক্ষার আগের দিন মাজার জিয়ারত করার জন্য তাঁর ছেলে বাড়ি থেকে বের হয়। কিন্তু অনেকক্ষণ পরও বাড়ি না ফেরায় তার মুঠোফোনে কল করলে তা পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলেকে পাওয়া যায়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়ত উল্লাহ চৌধুরী জানান, চিকিৎসা শেষে সুস্থ হলে রিয়াজুলের সঙ্গে কথা বলে কী ঘটেছিল তা জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।