২৬ ঘণ্টা পরও সেই মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ায় চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পা ভেঙে দেওয়া সেই ছাত্রের মায়ের ওপর হামলার ঘটনায় বখাটেদের বিরুদ্ধে আজ সোমবার রাত পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।

ছাত্রের মা অভিযোগ করেন, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিনতাইয়ের মামলা গ্রহণ করবেন বলে গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থানায় বসিয়ে রাখেন। কিন্তু মামলা গ্রহণ করেননি। এমনকি এজাহারের অনুলিপিও তাঁকে দেওয়া হয়নি। এর ২৬ ঘণ্টা পরও, অর্থাৎ সোমবার রাত আটটায় মিরপুর থানায় যোগাযোগ করে জানা যায়, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়নি।

ছাত্রের মা অভিযোগ করেন, ছেলের পা ভেঙে ফেলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ফাহিমের সহযোগী বখাটে সিয়াম, রুবেল, শাহিন ও শাহাদত রোববার সকালে পশ্চিম শেওড়াপাড়ায় তাঁর গলায় অস্ত্র ঠেকিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এ সময় জোর করে সাদা কাগজে তাঁর স্বাক্ষরও নেওয়া হয়। একপর্যায়ে তার ভ্যানিটি ব্যাগসহ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা। হামলার পর ঘটনাটি পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক ফোনে জানানো হয় এবং মিরপুর থানায়ও গিয়েছিলেন তিনি।

ছাত্রের মা বলেন, তাঁর ছেলের পা ভেঙে দেওয়া ফাহিমের (কারাগারে) সহযোগী এজাহারভুক্ত দুই আসামির দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। এ অবস্থায় তিনি বাসা থেকে বের হতে ভয় পাচ্ছেন। হামলাকারীদের বিরুদ্ধে বিচার চাইতে গিয়ে তিনি বখাটেদের একের পর এক হামলা ও হুমকি-ধমকির শিকার হচ্ছেন। এ ঘটনায় তিনি মিরপুর, শাহবাগ ও শেরেবাংলা নগর থানায় পৃথক তিনটি জিডি করেছিলেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রতিটি মুহূর্ত তিনি আতঙ্কে কাটাচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর থানার (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রটির করা মায়ের অভিযোগের তদন্ত চলছে। মিরপুর বিভাগের উপকমিশনারের নির্দেশ পেলে তিনি মামলা গ্রহণ করবেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আহাম্মদ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনার সত্যতা পেলে মামলা গ্রহণ করা হবে। কিছুটা রেগে গিয়ে ডিসি বলেন, ওই নারীর করা মামলাই যদি নিতে হয়, তাহলে মিরপুর থানা অন্যদের ব্যাপারে কী ব্যবস্থা নেবে। ছাত্রটির মায়ের ওপর হামলা হওয়ার ঘটনার সত্যতা তিনি প্রথম আলোকে নিশ্চিত করেছিলেন গত রোববার। তিনি বলেন, ছাত্রের পা ভেঙে ফেলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারে তিনি মামলার তদন্ত কর্মকর্তাদের বলবেন।

থানায় কম মামলা রেকর্ড করার কোনো নির্দেশনা আছে কি না, জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া সোমবার প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী থানায় মামলা করতে গেলে তা গ্রহণ না করে তাঁকে থেকে ফেরত পাঠানোর কারও কোনো সুযোগ নেই।

গত ৪ আগস্ট উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণিতে তাঁর চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন। এতে খেপে গিয়ে ফাহিমের নেতৃত্বে তিন বখাটে ছুরিকাঘাত করে ও রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পা ভেঙে দেয়। এ ঘটনায় ফাহিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। ফাহিম একটি ধর্ষণ মামলার আসামি সিয়ামের মামা। অভিযোগ রয়েছে, বখাটে ফাহিমের সঙ্গে সিয়াম, শাহিন ও রুবেল হামলায় অংশ নেয়। কিন্তু তাঁদের আসামি করতে চাইলে মিরপুর থানার ওসি এসব নাম বাদ দিয়ে মামলা নেন।