২৬ লাখ টাকা লুট, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় ব্যাংক থেকে টাকা তুলে কারখানায় নেওয়ার পথে গতকাল মঙ্গলবার ২৬ লাখ ১০ হাজার টাকা লুট হয়েছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় চারজন আহত হয়েছে।
উপজেলার নান্দুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে। লুট হওয়া টাকা সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় বিডি ফুড লিমিটেডের।
কারখানা কর্তৃপক্ষ ও থানা-পুলিশ জানায়, বিডি ফুড লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন গতকাল বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা থেকে ২৬ লাখ ১০ হাজার ২৭৭ টাকা তোলেন। ওই টাকা নিয়ে তিনি একটি মাইক্রোবাস দিয়ে কারখানায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন কারখানার নিরাপত্তাকর্মী আবুল হোসেন ও শাহদাত হোসেন।
কারখানায় যাওয়ার পথে গাজীপুরের মাস্টার বাড়ি ভাওয়াল মির্জাপুর সড়কের নান্দুয়াইন এলাকায় তাঁরা হামলার শিকার হন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। দুর্বৃত্তরা রড দিয়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে গাড়ির চালক লিটন মিয়া, বিল্লাল হোসেন, আবুল ও শাহদাতকে মারধর করে। পরে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। হামলায় আহত চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার ব্যবস্থাপক মো. বাহাদুর আলী বলেন, ওই টাকা শ্রমিকদের বেতনের জন্য কারখানায় নেওয়া হচ্ছিল।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল হক ভূঁইয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।