২৬টি গরু-ছাগল ধরে নিয়ে গেছে বিএসএফ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চৌদ্দঘুড়ি সীমান্ত থেকে গত বুধবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের কৃষকদের ২৩টি গরু ও ৩টি ছাগল ধরে নিয়ে গেছে। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে এসব গবাদিপশু ফেরত চেয়ে চিঠি দিলেও বিএসএফ গতকাল শুক্রবার পর্যন্ত সাড়া দেয়নি।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন গতকাল বেলা তিনটার দিকে বলেন, ‘বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশিদের গরু ও ছাগল ভারতের সীমান্তের কাছাকাছি যাওয়ায় তারা আটক করেছে। খবর পেয়ে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। পতাকা বৈঠকের মাধ্যমে গবাদিপশুগুলো ফেরত চেয়ে চিঠি দিয়েছি। এখন পর্যন্ত বিএসএফ সাড়া দেয়নি। পশুগুলো ফেরত আনার চেষ্টা চলছে।’
পশুগুলোর মধ্যে চৌদ্দঘুড়ি বালারহাট গ্রামের মজিবর রহমানের নয়টি গরু, মনছার আলীর চারটি ও জসিম মিয়ার তিনটি গরু এবং ইউনুছ আলীর তিনটি ছাগলসহ মোট ছয়জনের ২৩টি গরু ও ৩টি ছাগল রয়েছে।
কৃষকেরা বলেন, বুধবার অন্য দিনের মতো সীমান্ত এলাকার নো ম্যান্স ল্যান্ডে (প্রবেশ নিষিদ্ধ এলাকা) ঘাস খাওয়ানোর জন্য পশুগুলো বাঁধা ছিল। বিকেল চারটার দিকে ভারতের শিয়ালদহ ক্যাম্পের বিএসএফের জওয়ানেরা ভেতরে ঢুকে পশুগুলো ধরে নিয়ে যান। গ্রামবাসী বিষয়টি বিজিবির চৌদ্দঘুড়ি সীমান্ত ফাঁড়িতে জানায়।