খুলনার বসুপাড়ার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে শিবির সন্দেহে ১১৯ জনকে আটকের পর ২৭ জনের নামে মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ আনোয়ার বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার ওই মাদ্রাসায় ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানের সময় পুলিশ শিবির সন্দেহে ১১৯ জনকে ধরে নিয়ে যায়।
কারাগারে পাঠানো ২৭ নেতা-কর্মী হলেন: খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মিম মিরাজ হুসাইন, সাহিত্যবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, জামায়াতের নেতা ও ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মুনিরুজ্জামান, সিদ্দিকীয়া মাদ্রাসা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলী। এ ছাড়া শিবিরের কর্মী ও সমর্থক হিসেবে এস কে শাহিনুর রহমান, তৌহিদুর রহমান, খায়রুল ইসলাম, মেহেদী হাসান, মাহফুজ আলম, সাইফুল ইসলাম (২), সাইফুল ইসলাম (৩), আল-আমিন, আল-মুজাহিদ, হাবিবুর রহমান, তৌহিদুজ্জামান, হাফেজ জুলকার নাঈম, ওমর আলী, হাফিজুর রহমান, মোমাচ্ছিল, ইব্রাহীম খলিলুল্লাহ, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম, মাসুম বিল্লাহ, আবু তাহের, আক্তারুজ্জামান ও আবদুল্লাহেল মারুফ।
অপ্রাপ্তবয়স্ক ও শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় বাকি শিক্ষার্থীদের তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ প্রথম আলোকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এসআই আহমেদ আনোয়ার বাদী হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ওই মামলায় ২৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যরা শিবিরের পরিকল্পনার সঙ্গে জড়িত না থাকায় অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আগামী রোববার রিমান্ডের ব্যাপারে শুনানি হবে।