২৭ টাকার কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি, তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে কাঁচা পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার রেয়াজউদ্দিন বাজার। আজ মঙ্গলবার সকালে ওই বাজারে কাঁচা মরিচের পাইকারি দাম ছিল প্রতি কেজি ২৭ টাকা। এর ১০০ গজ দূরে রেয়াজউদ্দিন খুচরা বাজারে এবং এক কিলোমিটার দূরে কাজীর দেউড়ি বাজারে একই কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল বিক্রেতাভেদে ৮০ থেকে ১০০ টাকায়। পাইকারি মূল্যের তুলনায় অনেক বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করায় তিন খুচরা বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ২৭ টাকার মরিচ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করায় দুজনকে ১৫ দিনের এবং ১০০ টাকায় বিক্রি করায় একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মূল্যতালিকা না টাঙানোয় এক আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রমজানের প্রথম দিন সকাল ১০টা থেকে নগরের কাঁচাবাজারের পরিস্থিতি তদারকি করতে অভিযানে নামেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
অভিযানে পাইকারি দামের তুলনায় বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করায় তিনজনকে, বেশি দামে বেগুন বিক্রি করায় তিনজনকে ও মূল্যতালিকা না টাঙানোর দায়ে একজনকে আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, ‘পাইকারি মূল্যের দ্বিগুণ দামে কাজীর দেউড়ি বাজারে তিন বিক্রেতা ৭০ ও ৮০ টাকায় বেগুন বিক্রি করছিলেন। তাঁরা দাবি করেছেন, পাইকারি বাজার থেকে তাঁরা নাকি ৬০ টাকা দামে বেগুন কিনেছেন; যদিও রসিদ দেখাতে পারেননি। বিষয়টির সত্যতা যাচাই করছি। পাইকারি বা খুচরা বিক্রেতা, যে-ই দায়ী প্রমাণিত হবেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। বিকেল পর্যন্ত অভিযান চলবে।’
এদিকে অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে রেয়াজউদ্দিন বাজারের এক খুচরা বিক্রেতা মালামাল ফেলে পালিয়ে যান। তিনিও ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন। তাঁর মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।