২৭ পরিবারকে বিদ্যুৎহীন করে রেখেছে পল্লী বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আক্রোশের শিকার পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের একটি বাড়ির ২৭টি পরিবার। কোনো পরিবারেরই বিদ্যুৎ বিল বকেয়া নেই। অথচ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১২ মে ওই ২৭ পরিবারের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকি একটি জামে মসজিদের বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এ কারণে ১১ দিন ধরে ওই বাড়ির শিশু, নারী-পুরুষসহ তিন শতাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। দুর্ভোগে পড়েছেন মসজিদের মুসল্লিরা। বাড়িটি মুক্তিযোদ্ধা আবদুল বারেক শিকদারের।

খোঁজ নিয়ে জানা গেছে, ১২ মে বিকেলে পল্লী বিদ্যুৎ সরবরাহ লাইনের টেকনিশিয়ান ও উপজেলা সদরের গোসিংগা অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান (৪১) ও লাইনম্যান মো. রবিউল (৩৮) সাতজন শ্রমিক নিয়ে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে আবদুল বারেক শিকদারের বাড়ির সামনের বিদ্যুৎ সরবরাহ লাইনের তারের পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার জন্য যান। ওই সময় গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে ওই বাড়ির দুই যুবকের সঙ্গে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। আর এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরবর্তী সময়ে মারামারির ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি মামলা করে।

 ১৮ মে দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই বাড়ির দক্ষিণ পাশে গাছের নিচে বসে এক বৃদ্ধা হাতপাখা নাড়ছেন। পাশে রয়েছে আরও দুটি শিশু। নাম তাঁর পারুল বেগম (৭০)। তিনি বলেন, ‘৪০ বছর তামাইত আমাগো বাড়িতে বিদ্যুৎ। ক্যাগো লগে বলে ঝগড়া হইছে, হেইয়ার লইগা হককোলের লাইন কাইটা দিছে। হেই কারণে গত সাত দিন তামাইত রাত্রিরে (রাতে) ঘুমাইতে পারি না। দিনের বেলা বাগানে পইড়া থাহি। বাবারা, তোমরা বিদ্যুৎ দেওনের ব্যবস্থা কইরা দাও। বুড়া বয়সে খুবই কষ্ট হইতাছে।’

 ওই বাড়ির নবম শ্রেণির শিক্ষার্থী মোছা. জুঁই বলে, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় পড়াশোনা ব্যাহত হচ্ছে। একই ধরনের কথা ওই বাড়ির দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাকিবসহ আরও ১০ শিক্ষার্থীর। তারা সবাই বিদ্যুতের সংযোগ দিয়ে তাদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

 এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ঝিলনা শিকদারবাড়ি জামে মসজিদে আগত মুসল্লিরা। ওই মসজিদের ইমাম মাওলানা মো. মিজানুর রহমান বলেন, ‘যাঁরা ওই মারামারির ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের সঠিক বিচার হোক। তাতে আমাদের কোনো আপত্তি নেই। তাই বলে ওই বাড়ির শিশু, নারী-পুরুষ ও মসজিদের মুসল্লিরা বিদ্যুৎহীন থাকবেন কেন?’ তিনি এ ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করেন।

 সমাজসেবক এনামুল বারি (৪৮) বলেন, একটি মিথ্যা ঘটনাকে ইস্যু বানিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে ২৭টি পরিবারকে বিদ্যুৎহীন করে রাখা হয়েছে। কোনো পরিবারের কাছেই বিদ্যুৎ বিলের বকেয়া নেই। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের একাধিকবার বলা হলেও কোনো ভ্রুক্ষেপ করছেন না তাঁরা। তিনি এ ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন।

 পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক এ কে এম আজাদ বলেন, ২৭ পরিবার নয়, ১১টি মিটারের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ লাইনের তারের পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে ওই বাড়ির লোকজন অন্যায়ভাবে পল্লী বিদ্যুতের দুই ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আর এ কারণেই পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওই বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে পুনরায় সংযোগ দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।