২৭০ কেজি বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরক উদ্ধারের পর গতকাল চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র‍্যাব l প্রথম আলো
বিস্ফোরক উদ্ধারের পর গতকাল চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র‍্যাব l প্রথম আলো

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে ২৭০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় ওমর ফারুকী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব বিস্ফোরক সালফারজাতীয় পদার্থ, যা ককটেল ও বোমা তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয় বলে জানায় র‌্যাব।
গতকাল সোমবার দুপুরে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার বিল্লাপাড়া গ্রামের একটি ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করেন র‌্যাব-৭-এর সদস্যরা।
পরে বিকেল সাড়ে পাঁচটায় র‌্যাব-৭-এর উপপরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম নগরের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানান, আমদানিনিষিদ্ধ সালফারজাতীয় বিস্ফোরক দ্রব্য মজুত রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব শিকলবাহা এলাকায় অভিযান চালায়। বিস্ফোরক মজুতের ঘটনায় শিকলবাহা এলাকা থেকে ওমর ফারুকীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দুই সহযোগী হাবিবুর রহমান ও বাপ্পী পলাতক রয়েছেন।
র‌্যাব জানায়, সুপারি প্রক্রিয়াজাত করার কারখানার মালিক ফারুকী তাঁর কর্মচারীর ভাড়া বাসার পরিত্যক্ত একটি কক্ষে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রেখেছিলেন। ফারুকীর কোনো রাজনৈতিক পরিচয় বা জঙ্গি ও নাশকতাকারীদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নে র্যাব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তাৎক্ষণিকভাবে ফারুকীর রাজনৈতিক পরিচয় কিংবা জঙ্গি যোগসূত্র পাওয়া যায়নি। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
অভিযানের সময় ওই বাসায় কেউ ছিলেন কি না জানতে চাইলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান। পরে শিকলবাহায় নিজের কারখানা থেকে ফারুকীকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক আমদানির কোনো বৈধ কাগজপত্রও তিনি দেখাতে পারেননি।
ফারুকীর সহযোগী বাপ্পীর বাবা আবদুস সবুর চৌধুরী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, হাবিবুর রহমান ও ওমর ফারুকী দুই ভাই। দুজনের সঙ্গে বাপ্পীর যোগাযোগ আছে। তাঁদের জায়গা ভাড়া নিয়ে কারখানা করেছেন দুই ভাই। তিনি আরও জানান, সুপারির কারখানায় পোকামাকড় না আসার জন্য সালফার ব্যবহার করার কথা তিনি শুনেছেন। দুপুরে র‌্যাব এসে ফারুকীর কারখানার কর্মচারী আক্তার মিয়ার বাসা থেকে বস্তাভর্তি সালফার উদ্ধার করে। পরে কারখানা থেকে ফারুকীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।