এবার জেল খালের বাকি অংশের দুই পাড়ে থাকা ২৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। বরিশাল নগরের নথুল্লাবাদ থেকে সোনামিয়ার পুল পর্যন্ত চার কিলোমিটার এলাকায় থাকা স্থায়ী ও অস্থায়ী স্থাপনা অপসারণে বুলডোজার ব্যবহার করা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের নথুল্লাবাদ এলাকার জিয়া সড়ক থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বরিশাল সিটি করপোরেশন।
এর আগে গত সোমবার জেলা প্রশাসন খালের দুই পাড়ে ২৭৫টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে। এ সময় লাল পতাকা দিয়ে খালের সীমানা নির্ধারণ করা হয়। একই সঙ্গে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে নোটিশ দেয় প্রশাসন। নোটিশ পাওয়ার পরও যারা স্থাপনা সরিয়ে নেয়নি সেসব স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে তদারকি করেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান হাবিব, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), বরিশাল নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধাসহ প্রশাসনের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশের সদস্যরা।
প্রসঙ্গত, গত মে মাসে বরিশাল নগরের জেল খাল দখলমুক্ত করার কাজ শুরু করে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। সাড়ে তিন কিলোমিটার এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে ৩ সেপ্টেম্বর নাগরিক অংশগ্রহণে খাল পরিচ্ছন্ন করা হয়।