২৮ পথচারীকে ৩৮০০ টাকা জরিমানা
পদচারী-সেতু ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার কারণে ২৮ পথচারীকে ৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান এ জরিমানা করেন।
ডিএমপি সূত্র জানায়, বাড্ডার নতুন বাজার ক্রসিংয়ে জনগণকে পদচারী-সেতু ব্যবহারে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায়, অতিরিক্ত উপকমিশনার রহিমা আক্তার, বাড্ডা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার ফেরদৌসী রহমান উপস্থিত ছিলেন।
প্রবীর কুমার রায় বলেন, ‘ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। ফুটওভারব্রিজ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে।’