২৮ লাখ ইয়াবা বড়ি উদ্ধার
ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ২৮ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
র্যা ব বলেছে, গত রোববার ও গতকাল সোমবার সকালের অভিযানে আবাসন প্রতিষ্ঠান একুশে প্রপার্টিজের মালিক আলী আহমেদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টে পড়ুয়া মহিউদ্দিন ও তাঁর অফিস সহকারী হামিদ উল্লাহকে গ্রেপ্তার এবং এই বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
গতকাল রাজধানীতে র্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এর আগে কখনো কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক দিনের অভিযানে এত বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করতে পারেনি।
র্যা বের মহাপরিচালক বলেন, সমুদ্রপথে ইয়াবা চোরাচালানকারীদের গডফাদারকে চিহ্নিত করতে পেরেছে র্যা ব। তদন্ত ও গ্রেপ্তারের সুবিধার্থে তাঁর নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে বলা হয়, মিয়ানমার ও এদেশীয় চোরাকারবারিদের একটি চক্র মাছ ধরার ট্রলারে ইয়াবা বড়ির বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে বলে খবর পায় র্যাব-৭। ১৬ জানুয়ারি সন্দেহভাজন দুটি ট্রলারের অবস্থান শনাক্ত করে র্যাব। পরে র্যাবের ধাওয়ায় দুটি ট্রলার দুই দিকে পালাতে থাকে। র্যা বের দলটি একটি ট্রলারকে ধাওয়া করে। ১৭ জানুয়ারি বিকেলে পতেঙ্গা উপকূলের কাছে র্যা বের দলটি ওই ট্রলারের কাছে যাওয়ার আগেই ট্রলার থেকে কয়েকজন সাগরে লাফিয়ে পড়ে পালিয়ে যান। ট্রলার থেকে আলী আহমেদ ও হামিদউল্লাহকে গ্রেপ্তার করে র্যা ব। তল্লাশি চালিয়ে ট্রলারটিতে ২৭ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তাঁদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের অপর সহযোগী মহিউদ্দিন ইয়াবার আরেকটি চালান নিয়ে ঢাকায় যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে গতকাল সকাল আটটার দিকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা বড়িসহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করে র্যা ব। ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রলারটির মালিক আলী আহমেদের মামাতো ভাই নুরুন নবী।