২৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, চালক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলায় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির ২৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে ওই প্রতিষ্ঠানের মাইক্রোবাসের চালক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম রজ মিয়া। তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার কাশিপুর ইউনিয়নের দেওয়ানবাড়ি এলাকায় বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা আবুল বাশার জানান, ঘটনার সময় তিনি ওই মাইক্রোবাসে ছিলেন। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের ফতুল্লা শাখা থেকে কোম্পানির ২৮ লাখ ৪৭ হাজার টাকা তুলে মুন্সিগঞ্জের মুক্তারপুরে অবস্থিত কারখানায় ফিরছিলেন। বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের দেওয়ানবাড়ি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি মাইক্রোবাসটির গতিরোধ করেন। অন্য আরেকটি মোটরসাইকেল থেকে তিনজন মাইক্রোবাসের জানালার কাচ ভেঙে গুলি ছোড়ে। এতে চালক রজ মিয়ার হাতে গুলি লাগে। এ সময় দুর্বৃত্তরা টকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, দুর্বৃত্তদের আটক ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।