২৯ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম নগরের টেক্সটাইল মোড় এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছে ২৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে। গতকাল শনিবার ভোর সাড়ে চারটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ইয়াবা পাচারের কাজে ব্যবহার করা কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
আটক দুই ব্যক্তি হলেন কাভার্ডভ্যানের চালক মো. শিপলু ও তাঁর সহকারী মো. জুলহাস। তাঁদের বাড়ি ময়মনসিংহ জেলায়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজন পেশাদার মাদক চক্রের সদস্য।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। কাভার্ডভ্যানের চালকের আসনের পেছনে ইয়াবা বাড়িগুলো লুকানো ছিল। শিপলু ও জুলহাস টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। মহাসড়কের তল্লাশি এড়াতে তাঁরা বিকল্প পথে চট্টগ্রাম নগর দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। কাভার্ডভ্যানটি ব্যবহার করে আগেও মাদক পাচার হয়েছে। পেশাদার এই চক্রটির আরও কয়েকজন সদস্যের নাম জানা গেছে। তাঁদের ধরতে অভিযান চালানো হবে।