২৯টি বোমা ও ৯টি চাপাতি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের এই বাড়ি ভাড়া নিয়েছিল জঙ্গিরা। গত মঙ্গলবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখেন পুলিশ ও র‍্যাব সদস্যরা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামের মিরসরাইয়ের এই বাড়ি ভাড়া নিয়েছিল জঙ্গিরা। গত মঙ্গলবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখেন পুলিশ ও র‍্যাব সদস্যরা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

কুমিল্লার চান্দিনায় গ্রেপ্তার হওয়া দুই জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বাড়ি থেকে ২৯টি গ্রেনেড (বোমা), ৯টি চাপাতি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এই বাড়িতেই ভাড়া থাকতেন ওই দুই জঙ্গি। গতকাল বুধবার ভোরে অভিযানের একপর্যায়ে তাঁদের একজনকে নিয়ে পুলিশ বাড়িটিতে প্রবেশ করে। বিকেলে বাড়ির পাশের মাঠে বোমাগুলো ধ্বংসের পর এই অভিযানের সমাপ্তি টানে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় ৫০০ মিটার দূরে মিরসরাই উপজেলার কলেজ রোডের পাশে পূর্ব গোভনিয়া এলাকায় বাড়িটির অবস্থান। ‘রিদওয়ান মঞ্জিল’ নামের দোতলা এই বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওই দুই জঙ্গি। এই বাড়ির সামনে একটি ছয়তলা বাড়ি এবং পেছনে তিনতলা আরেকটি বাড়ি রয়েছে। এক পাশ ফাঁকা। বাড়ি থেকে বের হয়ে কলেজ রোডে যাওয়ার পথে কয়েকটি দোকান রয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় পৌরসভার কাউন্সিলরকে নিয়ে থানা-পুলিশের একটি দল প্রথম বাড়িটিতে যায়। তারা তালা ভেঙে ফ্ল্যাটটিতে ঢোকে। সেখানে বোমা ও বিস্ফোরক দেখতে পায়। পরে ফ্ল্যাটটি আবার তালাবদ্ধ করে তারা চলে যায় এবং বাড়ির বাইরে পুলিশ পাহারা বসানোর ব্যবস্থা করে।
গত মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় একটি বাসে পুলিশ তল্লাশি চালাতে গেলে দৌড়ে বাস থেকে নেমে যান দুই জঙ্গি। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারেন। পরে জসীম উদ্দীন (২৪) ও মো. হাসান (২২) নামের দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
গতকাল দুপুরে বাড়ির মালিক রিদওয়ান উদ্দিন প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারি মাসের শুরুতে নিচতলায় একটি ইউনিট ভাড়া নিয়েছিলেন দুই যুবক। শ্যালক, ভগ্নিপতি, একটি শিশু ও এক নারী ফ্ল্যাটটিতে থাকতেন। গত ২৭ ফেব্রুয়ারি শিশুসহ ওই নারী বেড়ানোর কথা বলে চলে যান। এরপর গত সোমবার শ্যালক ও ভগ্নিপতি বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। মঙ্গলবার বিকেলে তিনি জানতে পারেন, তাঁরা জঙ্গি। কুমিল্লার চান্দিনায় পুলিশের হাতে ধরা পড়েছেন তাঁরা।
বাড়ির সামনে কলেজ রোড এলাকার দোকানি মো. কাশেম বলেন, ওই ভাড়াটিয়াদের এলাকার কারও সঙ্গে কথা বলতে কখনো দেখেননি। এদিকে জঙ্গি আস্তানার কথা জানাজানি হলে গতকাল সকাল থেকে আশপাশের মানুষ বাড়ির সামনে ভিড় জমান।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় কুমিল্লা ও চট্টগ্রাম জেলার পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানের আগেই কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় তিন ঘণ্টার অভিযানে বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। অভিযানে পুলিশের সঙ্গে জঙ্গি মো. হাসান ছিলেন।
চান্দিনা থেকে গ্রেপ্তার জঙ্গিদের নাশকতার পরিকল্পনা ছিল। পুলিশকে লক্ষ্য করে ছোড়া বোমাগুলো তাঁরা নিজেরাই তৈরি করেছিলেন। গতকাল সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তাঁরা যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত। বোমা তৈরি ও বোমা ছোড়ায় বিশেষজ্ঞ। ‘এক্সপ্লোসিভ ডিভাইস’ তৈরিতে তাঁদের প্রশিক্ষণ আছে। তিনি জানান, গ্রেপ্তার হাসানকে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ মিরসরাইয়ের একটি বাড়িতে অভিযান চালায়।
এদিকে গতকাল দুপুরে কুটুম্বপুর এলাকায় মহাসড়কের পাশের খাদের পানি সেচে আরও একটি বোমা উদ্ধার করা হয়। পরে ওই বোমা নিষ্ক্রিয় করা হয়। এ নিয়ে গত দুই দিনে ওই স্থান থেকে উদ্ধার করা ছয়টি বোমা নিষ্ক্রিয় করা হলো।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, বাস থেকে নেমে পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল বিকেলে চান্দিনা থানায় সন্ত্রাস দমন আইনে দুই জঙ্গির বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার জসীম উদ্দীন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে চিকিৎসাধীন।
এদিকে গ্রেপ্তার হাসান পুলিশের কাছে তাঁর ঠিকানা চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট গ্রামের কথা বললেও শান্তিরহাট কোনো গ্রাম নয়। এটি একটি বাজার। গতকাল সকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রয়াত মোহাম্মদ হোসাইনের ছেলে মো. হাসান (২২) নামের কেউ সেখানে থাকেন না। ছবি দেখেও কেউ তাঁকে শনাক্ত করতে পারেননি।
কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও শান্তিরহাট মীর সুপার মার্কেট বণিক সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ও পত্রিকায় সংবাদ জেনে শান্তিরহাটসহ আশপাশের এলাকায় হাসানের খোঁজ করেন তাঁরা। কিন্তু ওই যুবক এখানকার নন।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘গত মঙ্গলবার রাত থেকে পুরো ইউনিয়নের প্রতিটি গ্রামে খোঁজ নিয়ে গ্রেপ্তার হাসানের বাড়ির কোনো ঠিকানা শান্তিরহাটসহ আমার ইউনিয়নে পাইনি।’ একই কথা বলেন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি}