৩ খাদ্য পরিদর্শকসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্যমূল্যের সরকারি চাল খোলাবাজারে বিক্রি না করে দোকানে বিক্রি করার অভিযোগে সাময়িক বরখাস্ত তিন খাদ্য পরিদর্শক ও দুজন চালের ডিলারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার বিকেলে দুদকের চট্টগ্রামের কার্যালয় থেকে ওই পাঁচজনকে আটক করা হয়। দুদক জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হবে। আটক হওয়া তিন খাদ্য পরিদর্শক হলেন এস এম সাহাবুদ্দিন, মো. শাহনেওয়াজ ও শুভজিৎ দে। চালের দুই ডিলার হলেন সৈয়দ মো. মারুফ ও জাহাঙ্গীর আলম।

দুদক সূত্রে জানা গেছে, খাদ্য অধিদপ্তর তদন্ত শেষে গত মঙ্গলবার এই তিন পরিদর্শককে সাময়িক বরখাস্ত করে। এ ছাড়া তিন ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়। দুদকের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. আবু সাঈদ বলেন, ‘১৫ টাকা কেজি দরে খোলাবাজারে চাল বিক্রির কথা ছিল। কিন্তু ওই তিন খাদ্য পরিদর্শকের সঙ্গে যোগসাজশ তিন ডিলার চালগুলো বেশি দামে দোকানে বিক্রি করেছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও আমাদের হাতে আছে। ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আজ কার্যালয়ে ডাকা হয়। তাঁদের মধ্যে পাঁচজন আসেন। পরে তাঁদের আটক করা হয়।’

মো. আবু সাঈদ জানান, আটক ওই পাঁচজনকে নগরের ডবলমুরিং থানায় রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।