
বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর দুর্গম চর এবং ধুনট উপজেলায় জঙ্গি আস্তানার খোঁজে গতকাল সোমবার ভোর চারটা থেকে বেলা তিনটা পর্যন্ত অভিযান চলেছে। র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী ১১ ঘণ্টার এই অভিযানে তিনটি চাপাতি, তিনটি চাকু, নয়টি জিহাদি বই এবং একটি তারের কুণ্ডলী উদ্ধার হয়েছে। অভিযান শেষে ঢাকা থেকে যমুনার চরে এসে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
বিকেল চারটার দিকে সারিয়াকান্দির চর কাজলা ইউনিয়নের দক্ষিণ টেংরাকুড়া আশ্রয়ণ প্রকল্পের মাঠে র্যাব মহাপরিচালক সংবাদ সম্মেলনে বলেন, অভিযানে নিশ্চিত হওয়া গেছে, এই দুর্গম চর জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। অভিযানের খবর পেয়ে জঙ্গিরা আস্তানা গুটিয়ে চলে গেছে।
অভিযানে অংশ নেওয়া যৌথ বাহিনীর সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বেনজীর আহমেদ বলেন, এখন থেকে যমুনার দুর্গম চরে কোনো জঙ্গি আস্তানা গড়তে দেওয়া হবে না। জঙ্গি আস্তানার সন্ধানে গোটা চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি থাকবে। অপরিচিত কেউ চরে এলে স্থানীয় বাসিন্দাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা জানাতে হবে। কারও বাড়িতে আত্মীয়স্বজন এলেও জানাতে হবে।
র্যাবের মহাপরিচালক জঙ্গিবিরোধী এই অভিযানের যৌক্তিকতা তুলে ধরে বলেন, শোলাকিয়া ঈদের জামাতে জঙ্গি হামলায় জড়িত দিনাজপুরের ঘোড়াঘাটের শফিউলকে প্রশিক্ষণ দিতে বগুড়ার সারিয়াকান্দির এই দুর্গম চরে আনা হয়। শফিউলকে বোটে করে দুর্গম চর কাজলার জামথৌল ঘাট হয়ে টেংরাকুড়া এলাকায় জঙ্গি আস্তানায় নেওয়া হয়। এখানে প্রশিক্ষণ দিয়ে জামালপুর হয়ে শোলাকিয়ায় হামলার জন্য পাঠানো হয়।
বেনজীর আহমেদ বলেন, র্যাবের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল, যমুনার দুর্গম চরে জঙ্গিরা প্রশিক্ষণ ক্যাম্প খুলে দুঃসাহসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ কারণে বৃষ্টি উপেক্ষা করে এই জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করা হয়। বগুড়া ছাড়াও কুড়িগ্রাম থেকে পাবনা পর্যন্ত যমুনার দুর্গম চরাঞ্চলে র্যাবের সতর্ক দৃষ্টি থাকবে বলে জানান তিনি।
কেউ জঙ্গিগোষ্ঠী থেকে বেরিয়ে এসে তথ্য দিলে তাঁকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন বেনজীর। ফিরে আসা ব্যক্তিকে নিরাপত্তাসহ সামাজিকভাবে পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। আর জঙ্গি আস্তানা বা জঙ্গিদের বিষয়ে কেউ তথ্য দিলে তাঁকে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না। বেলা সাড়ে চারটার দিকে হেলিকপ্টারে করে ফিরে যান বেনজীর আহমেদ।
অভিযানে তিন বাহিনীর ৯০০ সদস্য অংশ নেন বলে জানিয়েছে র্যাবের একটি সূত্র। সারিয়াকান্দির অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-১২-এর অধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের বলেন, এই অভিযানকে ছোট করে দেখলে চলবে না, এটা অনেক বড় অভিযান। সব অভিযানেই বড় সাফল্য আসবে, এটা বলা যাবে না। এটাও সফল অভিযান। কারণ, উদ্ধার হওয়া আলামতে বোঝা যাচ্ছে, এখানে জঙ্গি আস্তানা ছিল। তাই অভিযান শেষ হয়েছে বলা যাবে না। অভিযান অব্যাহত থাকবে।
রাতভর ঘরে ঘরে তল্লাশি: চরকাজলা ইউনিয়নের চরাঞ্চল দক্ষিণ ও উত্তর টেংরাকুড়া, আনন্দবাজার, শাহ জালালবাজার ও ঘাগুয়ার চরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যৌথ বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অপরিচিত লোকজনের খোঁজ করেন। ঘাগুয়ার চরের চারজন বাসিন্দা বলেন, সকাল নয়টার দিকে র্যাবের কয়েকজন সদস্য চরে এসে বলেন, এখানে জঙ্গি আস্তানা ছিল। জঙ্গিদের ফেলে যাওয়া কিছু জিনিসপত্র পাওয়া গেছে।
আনন্দবাজারের ব্যবসায়ী বিপ্লব বলেন, চরের লোকজন একসঙ্গে এত র্যাব-পুলিশ দেখে প্রথমে ভয় পেয়েছে। অনেকটা যুদ্ধের মতো অবস্থা ছিল। বাড়ি বাড়ি গিয়ে অপরিচিত লোকজনের খোঁজে তল্লাশি করা হয়েছে।
সারিয়াকান্দিতে যমুনার চরে অভিযানের সময় ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের কয়েকটি গ্রামে সাঁড়াশি অভিযান চলে। র্যাব-৫ রাজশাহী অঞ্চলের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহবুব আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গতকাল দুপুর ১২টার দিকে সোনাহাটা উচ্চবিদ্যালয় মাঠে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, নিমগাছিতে জঙ্গিদের প্রশিক্ষণকেন্দ্র রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।