৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, এক পুলিশ প্রত্যাহার
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) খেলার মাঠে কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশের ওই কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়। এখন ওই সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর ভাষ্য, গতকাল বিকেলে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং গণিত বিভাগের মধ্যে খেলা চলছিল। এ সময় তিনিসহ তিন ছাত্রীকে অশালীন কথা বলে উত্ত্যক্ত করেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। এ সময় এই ছাত্রী প্রতিবাদ করেন। তখন এগিয়ে আসেন আশপাশের সহপাঠীরা। ওই ব্যক্তি কে জানতে চাইলে তিনি গণিত বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেন। এরপর বিষয়টি বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর আলমগীর কবিরকে তাঁরা জানান।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রক্টর আলমগীর কবির পুলিশ সদস্য মিজানুর রহমানের সঙ্গে কথা বলেন ও জানতে পারেন, তিনি শাহপরান হলের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কনস্টেবল। এ পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। পরে রাতেই মিজানুর রহমানকে সিলেট পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল প্রথম আলোকে বলেন, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানিয়েছেন, পুলিশের ওই সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে আখতার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করার পর আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে শিক্ষার্থীদের অভিযোগকে যুক্তিযুক্ত ধরে নিয়েই আমরা তাঁকে প্রত্যাহার করে নিয়েছি। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করেছি।’