৩ জেলায় জামায়াত নেতাসহ আটক ৫৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী, গাইবান্ধা ও বগুড়া থেকে গত দুই দিনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী, শিবিরের নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫৮ জনকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা মসজিদ থেকে গতকাল শুক্রবার দুপুরে জেলা নায়েবে আমির ওয়ারেছ আলমসহ জামায়াতের ১৭ নেতাকে আটক করে পুলিশ। নাশকতা চালানোর জন্য গোপন বৈঠকের সময় তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিদের উল্লেখযোগ্য হলেন জেলা জামায়াতের নায়েবে আমির ওয়ারেছ আলম (৬৫), সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক (৪৫), জামায়াতের রোকন আবদুল গফুর (৪৬)। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নাশকতা কর্মকাণ্ড ঘটানোর লক্ষ্যে জামায়াত নেতারা গোপনে মিলিত হয়ে বৈঠক করছিলেন। আটক হওয়া ব্যক্তিদের নামে নাশকতার মামলা রয়েছে। তাঁরা জামিনে ছিলেন।

নীলফামারী জেলার পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ৪০ জনের মধ্যে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ৪ আসামি আছেন। তাঁরা হলেন জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন জামায়াতের আমির ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, জামায়াতকর্মী আবদুর রাজ্জাক, আহমেদ হোসেন ও কিছামত খুটামারা বটতলী এলাকার জামায়াতকর্মী সৈয়দ আলী (৪৫)। একই উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রামের জামায়াতকর্মী মাহমুদুল আলম, নুরুজ্জামান এবং মীরগঞ্জ ইউনিয়নের নঈমুন হককে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনা, বিভিন্ন মামলার পলাতক আসামি, চুরি, ছিনতাইসহ অপরাধীদের ধরতে জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ৬ উপজেলায় বিভিন্ন মামলার ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতার মামলায় নন্দীগ্রাম শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

জামায়াত নেতা মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে ২০১৩ সালের ৩ মার্চ বগুড়ার নন্দীগ্রাম থানায় হামলা, উপজেলা কমপ্লেক্স পোড়ানো, উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ও ছাত্রশিবিরের নন্দীগ্রাম উপজেলা শাখার সাবেক সভাপতি তোজাম্মেল হককে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তোজাম্মেলকে গ্রেপ্তার করে পুলিশ। তোজাম্মেলের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার মুষ্টিকুর গ্রামে।

নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।