
বরিশাল ও রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে সরকারদলীয় চার সাংসদের বিরুদ্ধে দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। রিটার্নিং কর্মকর্তার কাছে গত রোববার এ ব্যাপারে লিখিত অভিযোগও দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এ ছাড়া কিশোরগঞ্জে পছন্দের সদস্য প্রার্থীদের বিজয়ী করতে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে সরকারদলীয় স্থানীয় সাংসদের বিরুদ্ধে।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের কাছে দেওয়া দুটি অভিযোগপত্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদ্য সাবেক জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাইদুল ইসলামের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস মাঠে নেমেছেন। এ ছাড়া পোস্টার প্রচারপত্রে দলের (আওয়ামী লীগ) সমর্থনের কথা উল্লেখ, রঙিন বিলবোর্ড ও ব্যানার স্থাপন করেছেন মাইদুল ইসলাম।
খান আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, দুই সাংসদ সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এ ব্যাপারে জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে জরুরি কাজে ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে মাইদুল ইসলাম বলেন, ‘আমি কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছি না। সাংসদেরা ঘরে বসে তো ভোট চাইতেই পারেন।’
রাজশাহী: রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের কাছে দেওয়া লিখিত অভিযোগে আওয়ামী লীগের
বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী সরকার বলেছেন, রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী গত শনিবার বনভোজনের নামে ভোটারদের নিয়ে সভা করেন। সেখানে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুব জামানের জন্য ভোট চান এবং ভোট দেওয়ার প্রমাণ হিসেবে সিল মারা ব্যালটের ছবি মুঠোফোনে তুলে কেন্দ্রের বাইরে দলীয় প্রার্থীর পর্যবেক্ষকদের তা দেখানোর নির্দেশনা দেন। রাজশাহী-৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদ পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় ভোটারদের নিয়ে সভা করেছেন। এসব সভায় তিনি মাহবুব জামানের পক্ষে ভোট চান।
অভিযোগের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, ‘সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ মো. আফজাল হোসেন প্রকাশ্যে পছন্দের সদস্য প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বাজিতপুর উপজেলার সদস্য প্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান বলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া ও সাবেক আহ্বায়ক আবদুর রহমানকে বিজয়ী করতে সাংসদ প্রচারণা চালাচ্ছেন। অপর এক প্রার্থী আবদুল কাদির অভিযোগ করে বলেন, ‘আমাদের সাংসদ আচরণবিধি আমলে নিচ্ছেন না।’
তবে অভিযোগ অস্বীকার করে সাংসদ আফজাল হোসেন বলেন, ‘বাজিতপুর ও নিকলী উপজেলার হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা উন্নয়নে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। ওই সব প্রকল্প দেখতে ২২ ডিসেম্বর বাজিতপুর আসবেন পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী। আমি মূলত আয়োজন সফল করতে সভা করছি। ওই সভায় ভোটার থাকতেই পারে।’