কুষ্টিয়ায় অপহৃত হওয়ার তিন দিন পর কলেজছাত্র সাগর সাহাকে (১৯) মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে শিবপুর গ্রামের পরিত্যক্ত একটি শৌচাগারের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এর আগে সাগরকে উদ্ধারের দাবিতে লক্ষ্মীপুর খাতের আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও সাগরের সহপাঠীরা শনিবার সকালে কলেজের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেন। দুই ঘণ্টা ধরে অবরোধে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সাগরকে উদ্ধারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। সাগর ওই কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
কুষ্টিয়া সদর উপজেলার শিবপুর গ্রামের ব্যবসায়ী প্রদীপ সাহার ছেলে সাগরকে গত বুধবার সন্ধ্যায় স্থানীয় হরিনারায়ণপুর বাজার থেকে অপহরণ করা হয়। পরে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তাঁর বাবাকে ফোন করা হয়।
গতকাল রোববার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাগরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এই হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, হাত-পা বেঁধে ও গলায় রশি পেঁচিয়ে সাগরকে হত্যা করা হয়েছে। অপহরণের দিন রাতেই তাঁকে হত্যা করা হয়।
জেলা পুলিশের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, অপহরণের পর থেকেই পুলিশ এলাকায় ব্যাপক অভিযান শুরু করে। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় জানা যায়, শিবপুর গ্রামের এনামুল হক নামের এক ব্যক্তির বাড়ির পেছনে সাগরের লাশ ফেলে রাখা হয়েছে। পরে সেখানে গিয়ে পরিত্যক্ত একটি
শৌচাগার থেকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগেই এনামুলকে আটক করা হয়।
সাগরের লাশ উদ্ধারের পর গ্রামের বাসিন্দারা এনামুলের বাড়িসহ তাঁর কয়েকজন আত্মীয়স্বজনের বাড়িতে হামলা-ভাঙচুর চালান। গতকাল গ্রামে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামে হিন্দু সম্প্রদায়ের প্রায় ২০০ পরিবারের বসবাস। স্থানীয় হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ইন্তাজ তাদের দেখভাল করেন। তিনি সাগরের বাবার বাল্যবন্ধু।
ওই বাসিন্দারা আরও বলেন, ইন্তাজ ১৪ বছর শিবপুর গ্রামের ইউপি সদস্য ছিলেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন একই গ্রামের সিদ্দিকুর রহমান। তিনি জামায়াত করতেন। সিদ্দিকুর ইউপি সদস্য থাকাকালে গত বছর মারা যান। পরে গত জানুয়ারিতে উপনির্বাচনে সিদ্দিকুরের স্ত্রী জেসমিন আরা সদস্য নির্বাচিত হন। সেখানে ইন্তাজ দুই ভোটে হারেন। জেসমিনকে সমর্থন দেন হরিনারায়ণপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন। আর ইন্তাজের পক্ষে প্রদীপ সাহা প্রচারণা চালান। এ নিয়ে সিদ্দিকুরের ভাতিজা এনামুল ও তাঁর পরিবারের সঙ্গে প্রদীপের বিরোধ চলছিল।
সাগরের বাবা প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো শত্রু নেই। কেন আমার ছেলেকে মেরে ফেলা হলো। আমার একটাই অপরাধ, আমি ইন্তাজের পক্ষ নিছিলাম।’
অভিযোগের ব্যাপারে হরিনারায়ণপুর ইউপি সদস্য মহিউদ্দীন বলেন, ‘এনামুলসহ তার পরিবারের সবাই জামায়াতের রাজনীতি করত। কয়েক বছর আগে তারা জেলার নেতাদের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেয়। চেয়ারম্যান হওয়ার পর তারা আমার সঙ্গে রাজনীতি করে। এখন তারা খুনের রাজনীতি করে ফায়দা হাসিল করছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সাগর হত্যা নিয়ে আওয়ামী লীগের আরেকটি পক্ষ কলকাঠি নাড়ছে।’ তিনি আরও বলেন, ‘জেলার নেতারা জামায়াত নেতাদের যোগদান গ্রহণ করেছে। এতে আমার কিছুই করার নেই।’
প্রতিবাদ
সাগরের লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খাতের আলী ডিগ্রি কলেজের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন সাগরের সহপাঠীরা। সঙ্গে এলাকার কয়েক শ মানুষ যোগ দেয়। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এদিকে বেলা এগারোটায় স্থানীয় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা করেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। সমাবেশে সাগর হত্যার প্রতিবাদে আসন্ন দুর্গাপূজা শিবপুর গ্রামে করা হবে না বলে ঘোষণা দেওয়া হয়।
পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বলেন, সাগর হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি খুব দ্রুত দেখা যাবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘অপহরণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। এনামুলসহ কয়েকজন গ্রেপ্তার আছেন।’