৩ দিন পর সাংবাদিকের লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর মুন্সিগঞ্জ থেকে সাংবাদিক আওরঙ্গজেব সজীবের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁওয়ের ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ শনাক্ত করেন স্ত্রী মোরশেদা বেগম।
আওরঙ্গজেবের পরিবার জানায়, তাঁর চাঁদপুরে বা অন্য কোথাও যাওয়ার কথা ছিল না। আর নদীতে ঝাঁপ দেওয়ারও কোনো কারণ খুঁজে পাচ্ছে না তারা।
মুন্সিগঞ্জের মুক্তারপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইউনুস খান বলেন, উপজেলার নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। মরদেহ ধলেশ্বরীর তীরে এনে রাখা হয়। খবর পেয়ে আওরঙ্গজেবের স্ত্রী গিয়ে মরদেহ শনাক্ত করেন।
আওরঙ্গজেব বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়, যমুনা, ইন্ডিপেনডেন্ট, বাংলাভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরিবার নিয়ে তিনি পুরান ঢাকার উর্দু রোডে থাকতেন।
আওরঙ্গজেবের পরিবার জানায়, ১৯ ডিসেম্বর রাতে গাজীপুরে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। পরদিন ২০ ডিসেম্বর সকালে বাসায় ফেরেন। ওই দিন সকাল সাতটার দিকে আবার ঢাকা মেডিকেলে যাওয়ার কথা বলে বের হন। পরে তাঁরা জানতে পারেন, ওই দিন সকালে তিনি রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরগামী তাকওয়া লঞ্চে চড়েছিলেন। লঞ্চটি মুন্সিগঞ্জে গেলে মুঠোফোন ও গণমাধ্যমের পরিচয়পত্র রেখে নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি।
২০ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা পর্যন্ত মেডিকেলে ছিলেন আওরঙ্গজেব। এরপর আর তাঁকে দেখা যায়নি। দুপুরের দিকে ঢাকা মেডিকেলে দায়িত্বরত সাংবািদকেরা শোনেন, লঞ্চ থেকে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়েছেন।