রাজধানীর রামপুরায় চোরাচালানের আটক সোনা আত্মসাতের মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া তিন সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন এই অনুমোদন দেয় বলে জানান দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে তাঁরা হলেন রামপুরা থানার সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ চৌধুরী ও ওয়াহিদুল ইসলাম, পুলিশের গাড়ির চালক সজীব আহমেদ ও তথ্যদাতা (সোর্স) মাহফুজ আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ মার্চ রামপুরা থানার পুলিশ ধাওয়া করে বনশ্রী বালুর মাঠের কাছে একটি গাড়ি আটক করে। জাহেদ হোসেন ওরফে মাহিন ও গাড়িচালক সমীর কুমার বিশ্বাস ১৬ মার্চ ওই গাড়ি ছাড়াতে থানায় গেলে তাঁদের আটক করা হয়। পরে গাড়ি থেকে ৭০টি সোনার বার উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়। তবে আদালতে জবানবন্দিতে তাঁরা গাড়িতে ২৩৫টি সোনার বার থাকার কথা বললে সোনা আত্মসাতের বিষয়টি ফাঁস হয়।
১৭ মার্চ রামপুরা থানায় জিডি করেন থানার তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা। গাড়িটি ছেড়ে দিতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমানের বিরুদ্ধে ওই জিডি করা হয়। একই দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাহিন বলেন, আটক সোনা ছাড়িয়ে দিতে পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান ঢাকা ক্লাবে তিনিসহ অন্যদের সঙ্গে বৈঠক করেন। তবে শিবলী নোমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। ওই ঘটনার পর ওসি কৃপা সিন্ধুকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গত বছরের ৩১ মার্চ এসআই মঞ্জুরুল, দুই কনস্টেবল ওয়াহিদুল ও আকাশকে গ্রেপ্তার করা হয়। আগের রাতে বগুড়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে তাঁদের ও তাঁদের স্বজনদের বাড়ি থেকে ১৪৯টি সোনার বার উদ্ধার করা হয়। ৭ এপ্রিল রামপুরা থানায় পুলিশের ওই তিন সদস্য, গাড়ির চালক সজীব ও সোর্স মাহফুজের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের উপপরিচালক যতন কুমার রায় প্রথমে মামলাটির তদন্ত করেন। তিনি অবসর-উত্তর ছুটিতে যাওয়ার পর উপপরিচালক মির্জা জাহিদুল আলম তদন্ত শেষে এজাহারভুক্ত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন।